১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রিমান্ড শেষে কারাগারে মন্ত্রিপুত্র জ্যোতি

হত্যাচেষ্টার মামলায় তাকে চার দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

রিমান্ড শেষে কারাগারে মন্ত্রিপুত্র জ্যোতি
ফাইল ছবি।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2024, 09:52 PM

Updated : 26 Aug 2026, 10:30 AM

ঢাকার আশুলিয়া থানার একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে চার দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকার বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলাটিতে তাকে চার দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। রিমান্ড শেষে আদালতে হাজির করে তাকে কারাগারে রাখার আবেদন করে তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই আবু তাহের মিয়া।

হত্যাচেষ্টার অভিযোগে আশুলিয়া থানায় গত ১১ সেপ্টেম্বর রবিউল সানি নামের এক ব্যক্তি মামলা দায়ের করেন। এ মামালায় দুদিন পর ১৩ সেপ্টেম্বর রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় জ্যোতিকে।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে, যেখানে জ্যোতি ৪ নম্বর আসামি। জ্যোতির বাবা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছাড়াও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক সচিব ফেরদৌস জামান, সদস্য মুহাম্মদ আলমগীর, বিশ্বজিৎ চন্দ্র ও সাজ্জাদ হোসেনকে আসামি করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর দুই সন্তানের মধ‌্যে একমাত্র ছেলে জ‌্যোতি পারিবারিক ব‌্যবসা প্রতিষ্ঠান ‘সাভার রিফ্রাক্টরিজ লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক।

 গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সাবেক কয়েকজন মন্ত্রী এবং আওয়ামী লীগের কয়েকজন নেতা গ্রেপ্তার হলেও আসাদুজ্জামান খান কামাল এখন পর্যন্ত লোকচক্ষুর আড়ালে রয়েছেন।

তবে আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান এবং তাদের ছেলে-মেয়ের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তাদের বিদেশ যাত্রাও নিষেধাজ্ঞা রয়েছে।

সেইসঙ্গে কামাল ও তার সহযোগীদের বিরুদ্ধে জনবল নিয়োগ, বদলি ও পদায়নের মাধ্যমে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণের একটি অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক।

আসাদুজ্জামানের দুর্নীতির নিয়ে দুদকে দেওয়া অভিযোগে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি ঘুষ হিসেবে ‘বস্তা বস্তা’ টাকা নিতেন। পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে এ টাকা আদায় করা হত।

আরও পড়ুন-

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি ৪ দিনের রিমান্ডে

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি গ্রেপ্তার