টিআইএসটির ছাত্র তানভীর হত্যায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
আসামিদের মধ্যে সোহানুর রহমান সোহান ও নাইমুর রহমান হিমেলের বিচার শিশু আদালতে চলছে।
টাঙ্গাইল ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (টিআইএসটি) শিক্ষার্থী তানভীর মাহতাব ইশরাক হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার আসামিদের উপস্থিততে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন আবু ফয়সাল, অমিত হাসান, আরিফুল ইসলাম অনিক ও খন্দকার মেহেদী হাসান নভেল।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আবু আবদুল্লাহ ভুঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দণ্ডিতদের মধ্যে অমিত হাসান, খন্দকার মেহেদী হাসান পাভেল, শিশু হিসেবে ঘোষিত সোহানুর রহমান সোহান ও নাইমুর রহমান হিমেল হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছিলেন।
মামলার নথি সূত্রে জানা যায়, টিআইএসটির ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র তানভীর মাহতাব ইশরাক নানার বাড়িতে থেকে পড়াশোনা করতেন।
২০২০ সালের ৫ ফেব্রুয়ারি দুপুরে আসামিদের কাছ থেকে ফোন পেয়ে তানভীর টাঙ্গাইল সদর থানাধীন পৌর উদ্যানের পাশে একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাদের সঙ্গে দেখা করতে যান। সেখানে আসামিরা তাকে কুপিয়ে হত্যা করেন।
এ ঘটনায় ইশরাকের বাবা ইব্রাহিম খলিল পরদিন টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।
তদন্তে পুলিশ জানতে পারে, আসামি সোহান হোটেল বয়ের কাজ করতেন এবং পাশাপাশি ছোটখাটো রাজনৈতিক কর্মকাণ্ডেরও জড়িত ছিলেন। স্বেচ্ছাসেবক লীগের মিটিং-মিছিলে লোক সরবরাহত করতেন। তানভীর এর বিরোধীতা করতেন।
হত্যাকাণ্ডের ৭-৮ মাস আগে তানভীর, তুর্য, রিয়াদ, মহসিনসহ কয়েকজন মিলে সোহানকে আটক করে মারধর করেন এবং ২০ হাজার টাকা চাঁদা নিয়ে ছেড়ে দেন। এ ঘটনায় এলাকা ছাড়তে বাধ্য হন সোহান। ওই ঘটনায় ক্ষুব্ধ সোহান তানভীরকে হত্যার পরিকল্পনা করেন। পরে ৫ ফেব্রুয়ারি ইশরাককে ফোনে ডেকে নিয়ে খুন করা হয়।
ওই বছরের ১১ মে মামলাটি তদন্ত করে সদর থানা পরিদর্শক মোশাররফ হোসেন আদালতে ৬ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন।
মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য টাঙ্গাইলের আদালত থেকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষে মোট ১৬ জনের সাক্ষ্য শুনে বিচারক এ রায় দেন।
আসামিদের মধ্যে সোহানুর রহমান সোহান ও নাইমুর রহমান হিমেলের বিচার শিশু আদালতে চলছে।
