জুলাই সনদ নিয়ে ঐকমত্য কমিশনের সভা
সভায় গণপরিষদ গঠন, সংবিধান আদেশ জারি, সুপ্রিম কোর্টের অভিমত বা উপদেশ গ্রহণ এবং গণভোট আয়োজনের সম্ভাব্যতা নিয়েও আলোচনা হয়েছে।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি সম্পর্কিত একাধিক সুপারিশ নিয়ে সভা করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
শুক্রবার রাতে ভার্চুয়াল এ সভায় সনদ বাস্তবায়নের সেসব সুপারিশ সরকারের কাছে তুলে ধরার সিদ্ধান্ত হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে ঐকমত্য কমিশন জানিয়েছে।
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে প্রস্তাবিত গণপরিষদ গঠন, সংবিধান আদেশ জারি, ১০৬ অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্টের অভিমত বা উপদেশ গ্রহণ এবং গণভোট আয়োজনের সম্ভাব্যতা নিয়েও আলোচনা হয়।
আলোচনায় কমিশনের পক্ষে অংশ নেন সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান ও মো. আইয়ুব মিয়া।
বিশেষজ্ঞ হিসেবে ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন, অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট শরিফ ভূইয়া, ব্যারিস্টার তানিম হোসেইন শাওন ও ব্যারিস্টার ইমরান সিদ্দিক।
জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও সভায় যুক্ত ছিলেন।
