‘নিয়ন্ত্রণহীন’ বাস সড়কদ্বীপে, দাঁড়িয়ে থাকা পথচারীর মৃত্যু
নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি।তিনি পেশায় দিনমজুর বলে পুলিশের ধারণা।
ঢাকার মিরপুরের টেকনিক্যাল মোড়ের কাছাকাছি একটি বাস ‘নিয়ন্ত্রণ হারিয়ে’ সড়কদ্বীপে উঠে যাওয়ায় এক পথচারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে এই ঘটনায় অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান বলে ট্রাফিক পুলিশের মিরপুর জোনের সহকারী কমিশনার মো. শরীফ-উল-আলম জানান।
তিনি বলেন, “এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস গাবতলীর দিক থেকে টেকনিক্যাল মোড় হয়ে এসে বাংলা কলেজের সামনে ইউ টার্ন নিয়ে আবার টেকনিক্যাল মোড়ের দিকে আসছিল। এরপর এটি কল্যাণপুর অথবা গাবতলীর দিকে যাওয়ার কথা ছিল।
“টেকনিক্যাল মোড়ের কাছাকাছি এসে বাসটি আইল্যান্ডের উপরে উঠে যায়। তখন আইল্যান্ডে দাড়ি থাকা পথচারী ওই দিনমজুর চাপা পড়ে মারা যান।”
তিনি বলেন, “বাসটির চালক দাবি করেছেন, বাসের ব্রেক ফেল হয়েছিল। এখন এ ঘটনায় একটি মামলা হচ্ছে। তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে, আসলেই ব্রেকফেল হয়েছিল নাকি চালক অমনযোগী ছিলেন।”
বাসটির চালক বিল্লাল হোসেনকে আটক করা হয়েছে জানিয়ে মিরপুর জোনের সহকারী কমিশনার মো. মিজানুর রহমান বলেন, “নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।”
