দুদক কর্মকর্তা সেজে প্রতারণা: গ্রেপ্তার পাঁচজন ২ দিনের রিমান্ডে
মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্নজনের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত চক্রটি, বলছে দুদক।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা সেজে ‘প্রতারণা ও চাঁদাবাজির’ অভিযোগে করা মামলায় গ্রেপ্তার পাঁচজনকে দুই দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
ঢাকার মহানগর হাকিম মো. সাইফুজ্জামান সোমবার শুনানি নিয়ে তাদের রিমান্ডের আদেশ দেন।
ওই পাঁচজন হলেন- সেলিম, মো. তরিকুল ইসলাম, মো. আতিক, মো. আবদুল হাই সোহাগ ও মো. সোহাগ পাটোয়ারী।
মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার এসআই মো. মাসুদ রানা তাদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের আইনজীবীরা রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে পরে আদেশ দেন বিচারক।
রমনা মডেল থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই এ তথ্য দিয়েছেন।
দুদকের চেয়ারম্যান ও উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্নজনের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রোববার রমনা মডেল থানায় একটি মামলা হয়। দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন এ মামলা করেন।
এরপর রোববাররই রাজধানীর মুগদা এলাকায় অভিযান চালিয়ে একটি চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে পরে সোহাগ পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে ক্যামেরা, বুম, সেলফি স্টিক, পাসপোর্ট, পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের আইডি কার্ড ও ভিজিটিং কার্ড, চেকবই ও মোবাইল জব্দ করা হয়।
আরও পড়ুন-
দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৪
