২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমাদের সম্পত্তির হিসাবটাও উন্মুক্ত থাকা উচিত: হাফিজ আহসান

“যে আস্থা ও নির্ভরযোগ্যতা বিবেচনায় নিয়ে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে, আমি মনে করি তা পবিত্র আমানত,” বলেন এই দুদক কমিশনার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2024, 08:58 PM

Updated : 26 Aug 2026, 11:07 AM

দুর্নীতি দমনে নিয়োজিত ব্যক্তিদের সম্পত্তির হিসাবও উন্মুক্ত থাকা উচিত বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন কমিশনার (তদন্ত) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহ্সান ফরিদ। 

রোববার দুদক কার্যালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমরা যারা দুর্নীতি দমনে কাজ করি, তারা আদৌ দুর্নীতিমুক্ত কিনা, তা উন্মুক্ত থাকা উচিত। 

“কাজে যোগ দেওয়ার সময় আমাদের কতটুকু সম্পদ ছিল এবং আমরা যখন এই কমিশন ছেড়ে চলে যাব, তখন আমাদের আমাদের সম্পদ কতটুকু হলো, সেই তথ্য দেশবাসীর জানা উচিত।”

এদিন বিকালে দুদক কার্যালয়ে আসেন হাফিজ আহ্সান ফরিদ। বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। 

এই কমিশনার বলেন, “যে আস্থা ও নির্ভরযোগ্যতা বিবেচনায় নিয়ে আমাকে দুদকে নিয়োগ দেওয়া হয়েছে, আমি মনে করি তা সরকারের পক্ষ থেকে, আমার প্রিয় দেশবাসীর পক্ষ থেকে একটি পবিত্র আমানত। 

“এই আমানতের সঙ্গে মিশে আছে জুলাই-অগাস্ট অভ্যুত্থানের স্বপ্ন। এই আমানত রঞ্জিত হয়ে আছে আমাদের বিপ্লবী শহীদ ছাত্র-জনতার রক্তে। আমার আপ্রাণ চেষ্টা থাকবে আমানত রক্ষা করার।” 

বুধবার দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং কমিশনার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী কাজে যোগ দেন। সেদিন আহসান ফরিদ যোগ দেননি।

গত ১০ ডিসেম্বর মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার নিয়োগের সিদ্ধান্তের কথা জানানো হয়।

ক্ষমতার পালাবদলের পর আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পাওয়া দুদক চেয়ারম্যান মুহাম্মদ মইনুদ্দীন আব্দুল্লাহ, কমিশনার আছিয়া খাতুন ও জহুরুল হক ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে গত ২৯ অক্টোবর পদত্যাগ করেন। 

মইনুদ্দীন আবদুল্লাহ এক সময় ছিলেন কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব। ২০২১ সালের ৩ মার্চ তিনি দুদক চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

পাঁচ বছর মেয়াদের জন্য তারা দুদকের দায়িত্ব পেলেও পরিবর্তিত পরিস্থিতিতে দেড় বছর আগেই তাদের বিদায় নিতে হয়।

পরে ১০ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সুপারিশ করতে সার্চ কমিটি গঠন করে সরকার। এ কমিটির সভাপতি করা হয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে। এরপর এক মাসের মধ্যে নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার নিয়োগ করা হয়।