অ্যাটর্নি জেনারেল ছুটিতে, দায়িত্বে এস এম মুনীর
আমিন উদ্দিন ২৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত সিঙ্গাপুরে অবস্থান করবেন, বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
সরকারের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ছুটিতে যাওয়ায় এক সপ্তাহের জন্য এই পদে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর।
শনিবার সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, অ্যাটর্নি জেনারেল বিদেশে রয়েছেন। তার বদলে এই পদে এস এম মুনীর দায়িত্ব পালন করছেন।
আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আমিন উদ্দিন ২৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত সিঙ্গাপুরে অবস্থান করবেন। এ সময়ে এস এম মুনীর অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন।
তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে দায়িত্ব পালন করছেন। এসএম মুনীর তাদের মধ্যে জে্যষ্ঠ। অন্য দুজন হলেন- শেখ মোহাম্মদ মোরশেদ ও মেহেদী হাসান চৌধুরী।
২০২০ সালের সেপ্টেম্বরে অতিরিক্তি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান এস এম মুনীর।
১৯৮১ সালের ২১ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়া মুনীর ১৯৯৫ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হন।
২০১৫ সালের ২০ ডিসেম্বর দেশের সর্বোচ্চ আদালত তাকে জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত করে।
সংযুক্ত খবর
