২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গরম কমতে পারে মঙ্গলবার থেকে

দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ বইছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2024, 10:56 AM

Updated : 26 Aug 2026, 10:31 AM

বৃষ্টি বেড়ে মঙ্গলবার থেকে গরম কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

রোববার বিকালে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে বলে জানান আবহাওয়াবিদ ওমর ফারুক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি নিম্নচাপে রূপ নিতে পারে- এমন সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না। তবে বৃষ্টি বাড়বে, দক্ষিণ এলাকায় আজকে শুরু হইছে; এরপর আস্তে আস্তে সারাদেশেই বিস্তার লাভ করবে।"

রোববার সর্বোচ্চ ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় রংপুরে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ওঠে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। 

এদিন ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, সিলেট, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছিল। 

বাতাসে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কম হলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রির কম তাপমাত্রাকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রির কম তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রির ওপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।

সোমবার দেশের দক্ষিণাঞ্চলের গরম কমবে আর আগামীকাল থেকে সারাদেশের গরমই কমে আসবে বলে জানান ওমর ফারুক। 

“বৃষ্টি নাই, সূর্যের কিরণ খাঁড়া ভাবে পড়তেছে-এসব কারণেই গরম বেশি; বৃষ্টি বাড়লেই কমে আসবে।"