১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ছবি ফাঁসের অভিযোগ, সাংবাদিকের বিরুদ্ধে সাংবাদিকের মামলা

কর্মস্থলে ছবিগুলো পাঠিয়ে চাকরি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টাও হয়েছে, অভিযোগ বাদীর।

ছবি ফাঁসের অভিযোগ, সাংবাদিকের বিরুদ্ধে সাংবাদিকের মামলা
সামছুল ইসলাম সনেট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2026, 06:26 PM

Updated : 26 Aug 2026, 03:08 PM

‘ব্যক্তিগত ছবি’ ছড়িয়ে দিয়ে মানহানির অভিযোগে ঢাকার কেরাণীগঞ্জের এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। 

মামলায় বাদী হয়েছেন এনটিভির সাংবাদিক মো. শেখ ফরিদ। বিবাদী করা হয়েছে মাইটিভির কেরানীগঞ্জ প্রতিনিধি সামছুল ইসলাম সনেটকে। 

ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালতে বৃহস্পতিবার এই মামলা হয়। 

বাদীপক্ষের আইনজীবী মির আলমগীর হোসেন বলেন,"আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।"

মামলায় অভিযোগ করা হয়, পেশাগত কারণে শেখ ফরিদ ও সনেটের মধ্যে বন্ধুত্ব হয়। কিন্তু ফরিদের ব্যক্তিগত জীবনের ক্ষতির পরিকল্পনা করছিলেন সনেট।

বাদীর অভিযোগ, গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ফরিদ তার সহকর্মী ইকালাছুর রহমানের মাধ্যমে জানতে পারেন, সনেট নিজের ফেসবুক আইডি থেকে ফরিদের কিছু ব্যক্তিগত ছবি মেসেঞ্জারের মাধ্যমে কয়েকজনের কাছে পাঠান। 

বাদীর কর্মস্থলে ছবিগুলো পাঠিয়ে তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করার অভিযোগও আছে মামলায়। 

মামলায় অভিযোগ, সনেট মোটা অঙ্কের টাকা দাবি করেন এবং না দিলে বা তার কথা মতো না চললে ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

সামছুল ইসলাম সনেট সংবাদমাধ্যমের কাছে এসব অভিযোগ করা অস্বীকার করেছেন। আর মামলার বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেছেন।