২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেয়ালচাপায় পা হারানো রাসেলের রিট, সংশোধনের পরামর্শ আদালতের

১১মে রাতে মাদ্রাসা থেকে বাসায় ফেরার পথে একটি ভবন ভাঙার সময় দেয়াল ভেঙে পড়ে রাসেলের উপর।

দেয়ালচাপায় পা হারানো রাসেলের রিট, সংশোধনের পরামর্শ আদালতের
হাই কোর্টে আসা রাসেলের সঙ্গে তার মা, বাবা ও বোন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2024, 07:04 PM

Updated : 26 Aug 2026, 09:57 AM

বাড়ির ভেঙে পড়া দেয়ালের চাপায় পা হারানো শিশু রাসেলের জন্য ক্ষতিপূরণ চেয়ে করা রিট আবেদন সংশোধনের জন্য ফিরিয়ে দিয়েছে হাই কোর্ট। 

রোববার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চে এ সংক্রান্ত একটি রিটের প্রাথমিক শুনানির পর আবেদনটি সংশোধনের পরামর্শ দেওয়া হয়। 

গত ১১ মে রাজধানীর ডেমরার কোনাপাড়া মজুমদার সড়কে ভেকু দিয়ে ভবন ভাঙার সময় ভেঙে পড়া দেয়ালের চাপায় পথচারী টুটুল (৪৫) ঘটনাস্থলে নিহত হন এবং শিশু রাসেল (১০) গুরুতর আহত হয়। পরে রাসেলের একটি পা কেটে বাদ দিতে হয়।

এই ঘটনায় জনস্বার্থে রিট আবেদন করেন আইনজীবী মোহাম্মদ সালাহ উদ্দিন সিকদার। তিনি নিজেই আবেদনের শুনানি করেন। 

শুনানিতে জ্যেষ্ঠ বিচারক বলেন, রিট আবেদনে পৌরসভাকে (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন) পক্ষ করা হয়নি। তাদের অবশ্যই পক্ষ করতে হবে, কারণ ভবন ভাঙার অনুমতি দিয়েছে সিটি করপোরেশন। 

এছাড়া ক্ষতিপূরণের টাকার অঙ্ক উল্লেখ না করায়ও আদালত অসন্তোষ প্রকাশ করে।

তখন রিটকারী আইনজীবী সংশোধনী (সাপ্লমেন্টারি) দিয়ে পুনরায় শুনানির আবেদন জানালে আদালত আবেদনটি ফিরিয়ে দেয়। 

শুনানির সময় রাসেলকে আদালতে আনায় জ্যেষ্ঠ বিচারক বিরক্তি প্রকাশ করে আইনজীবীর উদ্দেশে বলেন, “একে কেন নিয়ে এসেছেন? ব্ল্যাকমেইল করার জন্য? এটা কখনও করবেন না।”

আইনজীবী মোহাম্মদ সালাহ উদ্দিন সিকদার পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি সংশোধনী (সাপ্লিমেন্টারি) রেডি করে তিনি সামনের সপ্তাহে ফের শুনানি করবেন। 

রাসেলের বাবা দেলোয়ার হোসেন বলেন, তাদের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ। ঢাকার ডেমরায় দুর্ঘটনাস্থলের পাশে ওহাব হাজীর বাড়িতে তারা থাকেন। তিনি রাজমিস্ত্রির যোগালির কাজ করেন। রাসেল ডেমরায় একটি মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়ে। 

তিনি জানান, গত ১১ মে মাদ্রাসা থেকে রাত সাড়ে ১০টার দিকে বাসায় ফিরছিল রাসেল। ওই সময় কোনাপাড়া বাজার সংলগ্ন মজুমদার রোডে একটি ভবন ভাঙা হচ্ছিল ভেকু দিয়ে। এক পর্যায়ে একটি দেয়াল ভেঙে টুটুল ও রাসেলের উপর পড়ে। 

স্থানীয়রা চাপা পড়া দেয়ালের নিচ থেকে দুজনকে বের করেন। কিন্তু টুটুল ঘটনাস্থলেই মারা যান। 

“রাসেলের কোমর পর্যন্ত দেয়াল চাপায় থেঁতলে যায়। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। পরে রাসেলের ডান পা হাঁটুর উপর থেকে কেটে ফেলা হয়।,” বলেন দেলোয়ার।

তার বাম পায়ের অবস্থাও ভালো নয় বলে চিকিৎসের বরাতে তিনি বলেন।  

দেলোয়ার আরও জানান, গত ৪ জুলাই রাসেলকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কয়েকদিন পর আবার নিতে বলেছেন চিকিৎসক। 

এই ঘটনায় ডেমরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে দেলোয়ার জানান।