Published : 05 Jun 2026, 12:55 AM
টানা কয়েকদিন চলমান তাপপ্রবাহের মধ্যে রাতে রাজধানীতে হালকা বৃষ্টি হলেও ভ্যাপসা গরমের অস্বস্তি অব্যাহত আছে।
ভারি বৃষ্টি না হলে এ গরম কাটবে না বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
দিনভর গরমে অস্থির সময় কাটানোর পর বৃহস্পতিবার রাতে আকাশে বিদ্যুৎ চমকাতে দেখে বৃষ্টির জন্য আশাবাদী হয়েছিলেন রাজধানীবাসী। কিন্তু কাঙ্খিত পরিমাণ বৃষ্টি না হওয়ায় হতাশা প্রকাশ করেন অনেকে।
এ দিন রাজধানী ঢাকাসহ দেশের ৪৮ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যায়। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও শনিবারের আগে এই পরিস্থিতির বদল হচ্ছে না বলে তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
হালকা বৃষ্টির পর মালিবাগের বাসিন্দা আশিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃষ্টি তো নামল দুই-চার ফোঁটা। এতে তো গরম কমবেই না, উল্টো ভ্যাপসা গরম আরও বাড়বে। ভালোমত মুষলধারে বৃষ্টি না হলে শান্তি নাই।”
রিকশাচালক সবুজ মাতব্বর বলেন, “যে টুক বৃষ্টি হইলো, এইডায় তো রাস্তাও ভিজল না। জোরে বৃষ্টি হয়া দ্যাশটা ঠান্ডা অইলে আমাগো কষ্টডা কমত। এহন তো গরম আরও বেশি লাগতাছে।”
এদিন দুপুরে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাপপ্রবাহের কবলে থাকা এলাকাগুলোতে বিক্ষিপ্তভাবে কিছু বৃষ্টিপাত হলে সাময়িক সময়ের জন্য তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে তাপপ্রবাহ কাটিয়ে উঠবে না। শনিবারের পর এ অঞ্চলগুলোতে ভারি বৃষ্টি হলে তাপপ্রবাহ কমে আসবে।”
আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাঙ্গামাটি ও লক্ষ্মীপুর জেলাসহ রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি ধরণের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
বিস্তার বেড়ে তাপপ্রবাহ ৪৮ জেলায়