২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিফটে উঠতে গিয়ে নিচে পড়ে ঢাবি কর্মকর্তার মৃত্যু

“ওই ভবনের লিফটটা অনেক পুরনো, সেটা হাত দিয়ে টেনে খুলতে হয়। সাততলায় লিফট কল করার পর লিফট আসার আগেই তিনি দরজা খুলে উঠতে গেলে নিচে পড়ে গুরুতর আহত হন।”

লিফটে উঠতে গিয়ে নিচে পড়ে ঢাবি কর্মকর্তার মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকারম ভবন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2024, 09:15 PM

Updated : 26 Aug 2026, 10:47 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকারম ভবনের ম্যানুয়াল কার্গো লিফটে উঠতে গিয়ে নিচে পড়ে এক কর্মকর্তার প্রাণ গেছে।

আব্দুল্লাহ সাগর নামের ওই কর্মকর্তা ছিলেন চারুকলা অনুষদের সিনিয়র সহকারী হিসাব পরিচালক। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

৫০ বছর বয়সী সাগর গাজীপুরের বোর্ডবাজার এলাকার মৃত এসএম কাউসার উদ্দিনের ছেলে। স্ত্রী ও তিন ছেলেমেয়েকে নিয়ে তিনি গাজীপুরেই থাকতেন, সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত অফিস করতেন।

চারুকলা বিভাগের সহকারী রেজিস্টার মো. আলম ফারুক বলেন, শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়। মোকারম ভবনেও পরীক্ষার্থীদের সিট পড়ে। আব্দুল্লাহ সকালে পরীক্ষা নিয়ন্ত্রকদের জন্য বরাদ্দ টাকা নিয়ে ভবনের উপরে উঠেছিলেন।

“ওই ভবনের লিফটটা অনেক পুরনো, সেটা হাত দিয়ে টেনে খুলতে হয়। সাততলায় লিফট কল করার পর লিফট আসার আগেই তিনি দরজা খুলে উঠতে গেলে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যান।”

সাগরের বোনজামাই শাহিদুর রহমান বলেন, খবর পেয়ে তারা ঢাকা মেডিকেলে ছুটে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় সাগর মারা যান।

ময়নাতদন্ত শেষে সাগরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আজাহারুল ইসলাম শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা চারুকলার শিক্ষক ও কর্মকর্তারা আজ সর্বক্ষণ মেডিকেলে ছিলাম। আমরা তার পরিবারের সদস্যদের সাথেই ছিলাম। লাশ হস্তান্তর করার পর পরিবারের সদস্যরা দাফনের জন্য বোর্ড বাজারে নিয়ে গেছেন।"