১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

এইডিস লার্ভা: জরিমানা পরিশোধে অস্বীকারে কারাদণ্ড

তাকে প্রথমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি তা দিতে অস্বীকার করায় পরে আসে কারাদণ্ডের আদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2024, 09:46 PM

Updated : 26 Aug 2026, 10:00 AM

বাড়িতে ডেঙ্গুর জীবাণুবাহী এইডিস মশার লার্ভা পাওয়ার পর জরিমানা দিতে অস্বীকার করায় এক ব্যক্তিকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

রোববার লালবাগের নিউ পল্টন লেন এলাকায় অভিযান চালিয়ে মোয়াজ্জেম হোসেন নামে এই ব্যক্তিকে এই সাজা দেওয়া হয়।

একই দিন আরও চারটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬টি স্থাপনাকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

উত্তর শাহজাহানপুরের ঝিলপাড় ও তার আশপাশ, পাটুয়াটুলি ও কিমারটুলির আশপাশের এলাকা, লালবাগের নিউ পল্টন লেন, যাত্রাবাড়ীর শেখদী মাদ্রাসা রোড, মুরাদপুর রজব আলী রোড এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

এসব অভিযানে মোট ৩৭৮টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। 

সিটি করপোরেশনের অঞ্চল-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান আশিক জানান, নিউ পল্টন লেন এলাকায় ১৮/১ নম্বর বাড়িতে মিটার বক্সে এইডিস মশার প্রচুর লার্ভা পাওয়া যায়।

আদালত ভবনটির তত্ত্বাবধায়ক মোয়াজ্জেম হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করে। তিনি জরিমানা দিতে অস্বীকার করেন। পাশাপাশি নানা অযুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। এ কারণে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অঞ্চল-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান ১১ নম্বর ওয়ার্ডের উত্তর শাহজাহানপুরের ঝিলপাড় ও আশপাশের এলাকায়, অঞ্চল-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম ৩৭ নম্বর ওয়ার্ডের পাটুয়াটুলি ও কিমারটুলির আশপাশের এলাকায়, অঞ্চল-৫ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির হামজা ৫২ নম্বর ওয়ার্ডের মুরাদপুর রজব আলী রোড এলাকায় এবং অঞ্চল- এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিন ৬২ নম্বর ওয়ার্ডের নতুন যাত্রাবাড়ীর শেখদী মাদ্রাসা রোড এলাকায় এসব অভিযান পরিচালনা করেন।