১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নুরের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন ৭ সেপ্টেম্বর

রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান সোমবার বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

নুরের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন ৭ সেপ্টেম্বর

নূরুল হক নুর

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2023, 08:07 PM

Updated : 18 Jul 2023, 08:07 PM

রেজা কিবরিয়ার গণঅধিকার পরিষদের যুগ্ম-সদস্য সচিব তারেক রহমানের ওপর হামলার অভিযোগে দলটির একাংশের সভাপতি নূরুল হক নুরসহ তিনজনের বিরুদ্ধে পল্টন থানায় দায়ের করা মামলাটি তদন্ত করে ৭ সেপ্টেম্বর প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। 

মঙ্গলবার এ মামলার এজাহার গ্রহণ করে এই আদেশ দেন ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী। 

ঢাকা মহানগর পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান সোমবার বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। 

মামলার অন্য আসামিরা হলেন- সাইফুল ইসলাম (২৮) এবং ঢাকা মহানগর উত্তরের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মাহবুবুল হক শিপন। এছাড়া অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে। 

মামলায় অভিযোগ করা হয়, গত ১৬ জুলাই বিকালে রাজধানীর কালভার্ট রোডের জামান টাওয়ারে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ের ১৫ তলায় সভায় অংশ নিতে যান তারেক। সভা শেষে ভবনের পার্কিংয়ে মোটর সাইকেল বের করার সময় হামলার শিকার হন তিনি। আসামিরা তারেককে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এ ঘটনায় সংগঠনের কয়েকজন নেতাকর্মী আহত হলে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।