Published : 06 Apr 2026, 12:16 AM
জুলাই যোদ্ধা ও অভ্যুত্থানে নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার সংসদ অধিবেশনের ফাঁকে তিনি দর্শক গ্যালারিতে গিয়ে তাদের খোঁজখবর নেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
রুমন বলেন, দর্শক গ্যালারিতে জুলাই যোদ্ধা ও অভ্যুত্থানে নিহতদের স্বজনরা বসা ছিলেন। সংসদ অধিবেশনে মাগরিবের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তাদের কাছে যান।
“প্রধানমন্ত্রী শহীদ পরিবার ও আহতদের খোঁজখবর নেন। তিনি তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। প্রধানমন্ত্রী বলেছেন, ‘বর্তমান সরকার সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে’।”
প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার সংসদের দর্শক গ্যালারিতে গিয়ে জুলাই আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন।
রুমন বলেন, “কোনো প্রটোকলের দূরত্ব নয়, বরং একেবারে কাছাকাছি গিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী। অনেকের চোখে এখনো না শুকানো বেদনার ছাপ, কারো মুখে ক্লান্তির ছায়া। প্রধানমন্ত্রী একে একে সবার খোঁজ-খবর নেন। কারো সন্তানের কথা শুনে থমকে যান, কারো চিকিৎসার অগ্রগতি জানতে চান।“
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, “জুলাই আন্দোলনে সম্পৃক্ত পরিবারের প্রায় ৬০ জন গ্যালারিতে উপস্থিত ছিলেন। এর মধ্যে ২৬ জন শহীদ পরিবারের সদস্য, বাকিরা জুলাই যোদ্ধা। অনেকে এখনো চিকিৎসা নিচ্ছেন। তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিজেদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন।
“কথা বলার সময় প্রধানমন্ত্রীর সামনে কয়েকজন কান্নায় ভেঙে পড়েন। প্রধানমন্ত্রী এ সময় মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেন।”