১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আইডিয়ালে অধ্যক্ষ ও মনিপুর স্কুলের ৫ শাখায় ‘প্রধান’ বসাল সরকার

মনিপুর স্কুলে পাঁচজনকে বসানোর উদ্দেশ্য হিসেবে ‘শিক্ষার মান বাড়ানো ও অনিয়ম দূর করার’ কথা বলেছে মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2026, 09:38 PM

Updated : 11 Sep 2026, 03:29 PM

বেসরকারি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের পাঁচটি শাখা পরিচালনায় সরকারি কলেজের ছয় শিক্ষককে দায়িত্ব দিয়েছে মন্ত্রণালয়।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আলাদা প্রজ্ঞাপনে তাদের দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়। 

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করবেন অধ্যাপক লাল মোহাম্মদ।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এ কর্মকর্তাকে প্রেষণে এ দায়িত্ব দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

লাল মোহাম্মদ এর আগে তিনি কুষ্টিয়া সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেন।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের পদটি দীর্ঘদিন ধরে খালি। গত মার্চ মাস থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্বে আছেন প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক রওশন জাহান। 

এর আগের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লায়লা আক্তার অবসরগ্রহণের পর তিনি দায়িত্ব নিয়েছিলেন।

ওই একই প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জের সরকারি আদমজীনগর মার্চেন্ট ওয়ার্কারস কলেজের সহযোগী অধ্যাপক নাজমুন নাহারকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিডিবির বিশেষজ্ঞ এবং হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের অধ্যাপক আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেনকে এনসিটিবির ঊর্ধ্বতন বিশেষজ্ঞ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে ‘শিক্ষার মান বৃদ্ধি এবং অনিয়ম-অব্যবস্থাপনা দূর করতে’ পাঁচটি শাখায় প্রেষণে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির শুধু মূল ক্যাম্পাসের প্রধান শিক্ষককে দায়িত্বে রাখা হয়েছে। 

নতুন প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া পাঁচজনের মধ্যে হাজারীবাগ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল হালিমকে মূল বালক ক্যাম্পাসের (মনিপুর ৬০ ফিট রোড) শাখা প্রধান করা হয়েছে। 

কুমিল্লার দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক নজরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে রূপনগর আবাসিক এলাকার শাখা প্রধানের। 

টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক (ইংরেজি) মোহাম্মদ আক্তার হোসেন দায়িত্ব পালন করবেন রূপনগরের শাখা-১ ক্যাম্পাসের প্রধান হিসেবে।

গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক (রসায়ন) শেখ শাহরীয়ার হাসানকে দেওয়া হয়েছে ইব্রাহিমপুরের শাখা-২ ক্যাম্পাসের দায়িত্ব। 

আর টাঙ্গাইলের সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের সহকারী অধ্যাপক (দর্শন) মুহাম্মাদ নুর-এ-আলম দায়িত্ব পেয়েছেন শেওড়াপাড়ার শাখা-৩ ক্যাম্পাসের।

শিক্ষা প্রতিষ্ঠানটিতে তদারকি জোরদার এবং অনিয়ম-দুর্নীতি রোধে গত ২১ জুন দুই বছর মেয়াদি বিশেষ কমিটি গঠন করে ঢাকা শিক্ষা বোর্ড।