২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদক কর্মকর্তা সেজে ‘প্রতারণা’: তিনজন রিমান্ডে

দুদক কার্যালয়ের সামনে ফেইসবুক লাইভ করতে এসে গ্রেপ্তার হন তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2025, 05:32 PM

Updated : 10 Sep 2026, 12:28 PM

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা সেজে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার তিনজনকে তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। 

মঙ্গলবার রিমান্ড আবেদনের শুনানির পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম শাহিন রেজা এই আদেশ দেন। 

সোমবার বিকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে রায়হান ওরফে সৈয়দ রায়হান, সোলাইমান মুফতি ও রফিকুল ইসলাম সম্রাট নামের ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রুকনোজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলার তদন্ত কর্মকর্তা তাদের ৭ দিনের রিমান্ড নেওয়ার আবেদন করেন। পরে আদালত তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।”

সোমবার রাজধানীর পল্টন থানায় প্রতারণার অভিযোগে এই তিনজনের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন। এজাহারে তিনজনকেই ‘প্রতারক চক্রের সদস্য’ বলে অভিযোগ করা হয়েছে।

এ মামলায় নেত্রকোণার সাইফুল ইসলাম, পটুয়াখালীর সিয়াম মাহমুদ মোবারক, হবিগঞ্জের রনি আহেমদ পায়েলসহ অজ্ঞাতপরিচয় আটজনকে আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়, আসামিরা 'দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থা' নামে প্রতিষ্ঠান তৈরি করে সেটাকে দুদকের সহযোগী বাহিনী হিসেবে পরিচয় দিত। এই পরিচয়ে তারা ‘নানা ধরনের প্রতারণা’ করে আসছিল। দুদকের মত লোগো লাগানো পোশাক ও ছবিযুক্ত পরিচয়পত্র নিয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি দুই শতাধিক প্রতিষ্ঠানে তারা কথিত অভিযান চালিয়েছে। 

“এসব অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তা বা ভুক্তভোগীদের কাছ থেকে চাঁদা দাবি, অন্যথায় দুদকে অভিযোগ দেওয়ার হুমকি দেওয়া হয়। অভিযানের সময় ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে দেওয়া, বিকৃত তথ্য প্রচার করে ক্ষতি করারও হুমকি দেওয়া হত।”

সোমবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বলেন, "গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজন অভিযোগ স্বীকার করে নেয়। পরে ১৪ জনের নামে প্রতারণার মামলা হয়।"

দুদক কর্মকর্তারা বলেন, প্রতারক চক্রের সদস্যরা সোমবারও দুদক কার্যালয়ের সামনে এসে ফেইসবুক লাইভ করে নিজেদের আসল দুদক কর্মকর্তার সহায়ক কর্মকর্তা হিসেবে দর্শকের কাছে পরিচয় দেওয়ার চেষ্টা করেন। 

বিষয়টি দুদকের নিরাপত্তা কর্মীরা টের পেয়ে কৌশলে তাদেরকে আটক করেন। পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে ‘প্রতারণার’ বিষয়টি সামনে আসে।