২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লির হাই কমিশনারসহ ফেরানো হচ্ছে আরও ৫ মিশনপ্রধানকে

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক আদেশে তাদেরকে ‘অনতিবিলম্বে’ ঢাকায় ফিরতে বলা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2024, 11:22 PM

Updated : 26 Aug 2026, 10:34 AM

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যাপক রদবদলের অংশ হিসেবে পাঁচ বিদেশি মিশনের রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে ঢাকায় ফিরিয়ে আনছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক আদেশে তাদেরকে ‘অনতিবিলম্বে’ ঢাকায় ফিরতে বলা হয়েছে।

সদরদপ্তরে ডাক পাওয়া মিশন প্রধানরা হলেন- দিল্লিতে হাই কমিশনার মোস্তাফিজুর রহমান, জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত, ক্যানবেরায় হাই কমিশনার আল্লামা সিদ্দিকী, ব্রাসেলসে রাষ্ট্রদূত মাহবুব হাসানসালেহ এবং পর্তুগালের লিসবনে রাষ্ট্রদূত রেজিনা আহমেদ।

এছাড়া পৃথক তিন আদেশে আরও তিন কর্মকর্তাকে নতুন জায়গায় বদলি করা হয়েছে।

এদিন মন্ত্রণালয়ের পরিচালক আরিফুর রহমানকে মুম্বাইয়ে উপ হাই কমিশনার, ম্যানচেস্টারে সহকারী হাই কমিশনার কাজী জিয়াউল হাসানকে বেইজিং দূতাবাসে মিনিস্টার (স্থানীয়) এবং নিউ ইয়র্কে জাতিসংঘ স্থায়ী মিশনের মিনিস্টার (স্থানীয়) মোসাম্মত শাহানারা মনিকাকে কুয়ালালামপুরে উপ হাই কমিশনার করে পাঠানোর আদেশ জারি করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ছাত্র-জনতার তীব্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে ক্ষমতার পালাবদলের পর প্রশাসনসহ বিভিন্ন স্থানে রদবদলের অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়েও রদবদল হচ্ছে।

এর আগে রোববার লন্ডন থেকে হাই কমিশনার সাইদা মুনা তাসনীমকে ঢাকায় ফেরানোর আদেশ দেওয়া হয়। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, মঙ্গলবার যে পাঁচজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে দেশে ফেরানোর আদেশ হয়েছে, তাদের সবার ডিসেম্বরে অবসর প্রস্তুতি ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা। সেই হিসেবে তাদের এমনিতেই ডিসেম্বরের মধ্যে ফিরতে হত। অবসরে যাওয়ার মাত্র দুই মাস আগে যেভাবে তাদের ‘অনতিবিলম্বে’ ঢাকায় ফিরতে বলা হল, ওই ভাষার ব্যবহার দেখে তারা অবাক এবং ক্ষুব্ধ হয়েছেন। 

লন্ডন থেকে ঢাকায় ফেরানো হচ্ছে হাই কমিশনার সাইদা মুনাকে