চট্টগ্রাম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঈদযাত্রীদের হাতে সময় নিয়ে বের হওয়ার পরামর্শ
পদ্মাসেতু চালু হওয়ায় ঈদযাত্রায় পোস্তগোলা সেতুতে চাপ বাড়বে।
চট্টগ্রাম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঈদযাত্রীদের হাতে সময় নিয়ে বের হওয়ার পরার্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক ওয়ারী বিভাগ।
ট্রাফিক বিভাগের বরাতে ডিএমপির নিউজের এক প্রতিবেদনে বলা হয়, পদ্মাসেতু চালু হওয়ায় ঢাকায় বসবাসকারী দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশির ভাগ মানুষ পোস্তগোলা সেতু ব্যবহার করে গ্রামের বাড়িতে যাচ্ছেন। আগে এসব যাত্রীদের অনেকেই দৌলতদিয়া ফেরি পারাপার বা সদরঘাট থেকে লঞ্চের মাধ্যমে যাতায়াত করতেন।
পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও ঈদ উপলক্ষে যানবাহনের বাড়তি চাপ থাকবে। এ কারণে সড়কে ও মহাসড়কের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা সম্পন্ন করতে ও অতিরিক্ত যানজট এড়াতে ঈদের আগে পর্যাপ্ত সময় হাতে রেখে যাত্রার অনুরোধ করেছে ট্রাফিক-ওয়ারী বিভাগ।
