২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তারিক সিদ্দিকের গাড়িচালক ও কেয়ারটেকার তৃতীয় দফায় রিমান্ডে

ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় চান মিয়া ও মহিদুলকে রিমান্ডে পাঠানো হয়েছে।

তারিক সিদ্দিকের গাড়িচালক ও কেয়ারটেকার তৃতীয় দফায় রিমান্ডে
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2026, 05:00 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের গাড়িচালক মো. চান মিয়া ও কেয়ারটেকার মো. মহিদুল ইসলামকে তৃতীয় দফায় আরও তিন দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম রিমান্ডের আদেশ দেন।

প্রসিকিউশন পুলিশের এসআই মাজহারুল ইসলাম জানিয়েছেন, জুলাই আন্দোলনের সময় নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় চান মিয়া ও মহিদুলকে রিমান্ডে পাঠানো হয়েছে।

মহিদুলকে গত ১৯ এপ্রিল ঠাকুরগাঁও সদরের ইসলামবাগ থেকে আর চান মিয়াকে ঢাকার ভাষানটেক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ২০ এপ্রিল তাদের চার দিন এবং ২৪ এপ্রিল আরও চার দিনে রিমান্ড দেয় আদালত।

রিমান্ড শেষে এদিন তাদের আদালতে হাজির করে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিএমপি ডিবি পুলিশের রমনা জোনাল টিমের ইন্সপেক্টর মো. আমজাদ হোসেন তালুকদার।

মহিদুলের পক্ষে অ্যাডভোকেট শহিদুল ইসলাম এবং চান মিয়ার পক্ষে মোহাম্মদ কাউছার হাওলাদার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেছিলেন।

মামলার বিবরণে বলা হয়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে নিউ মার্কেটের নীলক্ষেত এলাকায় আন্দোলন চলাকালে গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। 

এ ঘটনায় আব্দুল ওয়াদুদের শ্যালক আব্দুর রব নিউ মার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়।