২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে ১৪ বছরের পুরনো ‘দাহ্য রাসায়নিকের’ ৪ কন্টেইনার খালাস

চারটি কনটেইনারে ছিল ৯৩ টন ‘অতি দাহ্য’ সোডিয়াম গ্লাইসেরোলেট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2024, 09:54 PM

Updated : 26 Aug 2026, 10:49 AM

লেবাননের বৈরুতের মত পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কায় চৌদ্দ বছরের পুরনো ‘বিপজ্জনক দাহ্য রাসায়নিকের’ চারটি কন্টেইনার চট্টগ্রাম বন্দর থেকে খালাস করার অনুমতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।

বোর্ডের জনসংযোগ অনুবিভাগের পরিচালক সৈয়দ এ মু’মেন জানিয়েছেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান গত ১ অক্টোবর বন্দর-কাস্টমস যৌথ সভায় দ্রুত বিষয়টির নিষ্পত্তির জন্য এনবিআর চেয়ারম্যানের হস্তক্ষেপ চাওয়ার পর রাজস্ব বোর্ড এই সিদ্ধান্ত নিল।

মঙ্গলবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চার কন্টেইনারে থাকা ৯৩ মেট্রিক টন ‘অতি দাহ্য’ সোডিয়াম গ্লাইসেরোলেট (Sodium glycerolate) দ্রুত সরানো না হলে চট্টগ্রাম বন্দরের অবস্থা ‘লেবাননের বৈরুতের মত হতে পারে’ বলে যৌথ সভায় সতর্ক করেন বন্দর চেয়ারম্যান। এরপর এনবিআরের সিদ্ধান্তে ২৭ অক্টোবর কন্টেইনারগুলো নিলামে খালাস করা হয়। 

সোডিয়াম গ্লাইসেরোলেটের ওই চালান ২০১২ সালে দেশে এলেও আইনগত জটিলতায় সেগুলো চট্টগ্রাম বন্দরে পড়ে থাকে। পরে কয়েক দফা নিলামের উদ্যোগ নিলেও বিভিন্ন জটিলতার কারণে চট্টগ্রাম কাস্টমের দায়িত্বরত কমিশনাররা এর নিষ্পত্তি করতে পারেননি। 

শেষ পর্যন্ত বন্দর চেয়ারম্যান ও এনবিআর চেয়ারম্যানের হস্তক্ষেপে কনটেইনারগুলো খালাসের উদ্যোগ নেওয়া হয়। নিলামে ৪১ লাখ টাকায় ওই পণ্য কিনে নেয় মেসার্স এস এ ট্রেডিং এন্ড কোং।

২০২০ সালের ৪ অগাস্ট লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে ভয়াবহ বিস্ফোরণে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়, আহত হন সাড়ে ছয় হাজারের বেশি মানুষ। 

ওই বিস্ফোরণের কারণ ছিল অ্যামোনিয়াম নাইট্রেট। প্রায় আড়াই হাজার টন অ্যামোনিয়াম নাইট্রেট বহু বছর ধরে অনিরাপদভাবে মজুত ছিল বন্দরের ওয়্যারহাউজে। সেখানে বিস্ফোরণের কারণে ৩ দশমিক ৩ মাত্রার ভূকম্পন অনুভূত হয় বৈরুতে। বিস্ফোরণের ধাক্কায় শত শত অবকাঠামো ধসে যায়, গৃহহীন হয় হাজারো মানুষ।