ডেঙ্গুতে তিনজনের মৃত্যুর দিনে হাসপাতালে আরও ৩৫৮
সব মিলে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯১ জনের মৃত্যু হল।
দেশে ডেঙ্গু আক্রান্ত তিনজনের মৃত্যুর এক দিনে এইডিস মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৫৮ জন।
বৃহস্পতিবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ও আক্রান্তের তথ্য এসেছে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে।
এর আগে ৩ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। এটি নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯১ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে ১৬৫ জন ভর্তি হয়েছেন।
এর বাইরে ঢাকা বিভাগে ৪২ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন, চট্টগ্রাম বিভাগে ৬৯ জন, খুলনা বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ৪ জন এবং বরিশাল বিভাগে ৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে অধিদপ্তর তথ্য দিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সব মিলে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৮৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশের বিভিন্ন হাসপাতালে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১ হাজার ৪০৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ৭৮৭ জন; ঢাকার বাইরে এই সংখ্যা ৬২২।
চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, তাদের মধ্যে মৃত্যু হয় তিনজনের।
মার্চে আক্রান্ত হন ৩১১ জন; এর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়। এপ্রিলে আক্রান্ত হন ৫০৪ জন, মারা যান দুইজন। মেতে আক্রান্ত হন ৬৪৪ জন, এর মধ্যে মারা যান ১২ জন। জুনে আক্রান্ত ছিল ৭৯৮ জন, মৃত্যু হয় ৮ জনের।
জুলাইয়ে ২ হাজার ৬৬৯ জন আক্রান্ত হন, যার মধ্যে মৃত্যু হয় ১২ জনের। অগাস্ট এসে আক্রান্ত ছিল ৬ হাজার ৫২১ জন, যার মধ্যে মৃত্যু হয় ২৭ জনের।
সেপ্টেম্বরের প্রথম ৪ দিনে ১ হাজার ৪৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন, যার মধ্যে মৃত্যু হয় ৫ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
