১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্ত্রীর মামলায় কর কর্মকর্তা আলী রেজা হায়দারের বিচার শুরু

গত বছরের ১৭ ডিসেম্বর আদালতে মামলাটি হয়।

স্ত্রীর মামলায় কর কর্মকর্তা আলী রেজা হায়দারের বিচার শুরু
আলী রেজা হায়দার

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2025, 04:21 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ের করার মামলায় খুলনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের উপ কমিশনার আলী রেজা হায়দারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

আসামির অব্যাহতির আবেদন নাকচ করে মঙ্গলবার এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মাসুম মিয়া।

এদিন আসামি পক্ষের আইনজীবী মলয় কুমার কুন্ডু আসামির অব্যাহতি চেয়ে আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবীমঞ্জুর আলম, আব্দুল্লাহ আল মুনসুর রিপন, গাফফার হোসেনসহ কয়েকজন আইনজীবী অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। 

এসময় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়। তিনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন।

উভয় পক্ষের শুনানি শেষে বিচারক অভিযোগ গঠনের আদেশ দেন বলে জানিয়েছেন আইনজীবী গাফফার হোসেন।

মামলার বিবরণ অনুযায়ী, বাদীর সঙ্গে আলী রেজা হায়দারের ২০১৪ সালের ২৫ এপ্রিল পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সাত বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তাদের বছর দশেকের দাম্পত্য জীবন কাটলেও আসামি ভরণপোষণ দিতেন না। বাদী ভরণপোষণ চাইলে আলী রেজা হায়দার খারাপ আচরণ করতেন, গায়ে হাতও তুলতেন। 

বাদীর অভিযোগ, তার স্বামী অন্য বিয়ে করার হুমকি দিতেন এবং যৌতুক দাবি করতেন। এরমধ্যে  বাদীর অনুমতি ছাড়া আসামি ২০২৪ সালের ১২ অগাস্ট এক নারীকে বিয়ে করেন এবং তাকে নিয়ে বসবাস শুরু করেন। 

আলী রেজা হায়দারের প্রথম স্ত্রী বাদী হয়ে গত বছরের ১৭ ডিসেম্বর আদালতে মামলাটি করেন।