Published : 10 Mar 2025, 04:50 PM
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পাচার হওয়া ‘২৩৪ বিলিয়ন ডলার’ ফেরাতে আগামী সপ্তাহের মধ্যেই একটি বিশেষ আইন করার তথ্য দিয়েছে অন্তর্বর্তী সরকার।
সোমবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, পাচারের অর্থ ফেরানোর বিষয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। সেখানে নতুন আইন তৈরির সিদ্ধান্ত নেয় সরকার।
তিনি বলেন, “আপনারা জানেন, দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্রের ফাইন্ডিংস ছিল ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে। এরমধ্যে ১৭ বিলিয়ন ডলার পাচার হয় বাংলাদেশের ‘ব্যাংকিং সিস্টেম’ থেকে।
“এ টাকা উদ্ধারে প্রথম থেকেই অন্তর্বর্তী সরকারের প্রয়াস ছিল। অধ্যাপক ইউনূস প্রথম থেকেই বলে আসছেন এটা হচ্ছে আমাদের সরকারের টপ প্রায়োরিটি। এটা দেশের মানুষের টাকা। আমরা যেভাবেই হোক, টাকাটা ফিরিয়ে আনতে চাচ্ছি।”
প্রেস সচিব বলেন, “পাচারের অর্থ ফেরাতে গত ২৯ সেপ্টেম্বর ১১ সদস্যের টাস্কফোর্স হয়। নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। টাস্কফোর্সের অন্য যারা আছে, তারা কতটুকু কী করছে টাকাটা ফেরত আনার জন্য, সে বিষয়ে একটা বড় মিটিং হয়।”
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেড় ঘণ্টার ওই সভার সিদ্ধান্ত তুলে ধরে শফিকুল বলেন, “প্রথম ডিসিশনটা হলো, একটা বিশেষ আইন হবে। এজন্য বেশ কয়েকটি আইনি প্রতিষ্ঠানের সঙ্গে টাস্কফোর্স কথা বলছে।
“আপনারা হয়ত আগামী সপ্তাহের মধ্যে আইনটা দেখবেন। অধ্যাদেশের মাধ্যমে এ আইন পাস করা হবে।”
অধ্যাপক ইউনূস দ্রুততম সময়ে টাকা ফেরত আনতে সর্বোচ্চ চেষ্টা করতে সভায় নির্দেশ দিয়েছেন বলে জানান প্রেস সচিব।