২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদক কর্মকর্তার বিরুদ্ধে আদালতে ধর্ষণের অভিযোগ

অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে ফোন করা হলে তিনি বলেন, মামলা সম্পর্কে তিনি কিছু জানেন না।

দুদক কর্মকর্তার বিরুদ্ধে আদালতে ধর্ষণের অভিযোগ
এস এম মামুনুর রশিদ

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2024, 01:27 PM

Updated : 10 Sep 2026, 12:14 PM

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এস এম মামুনুর রশিদের বিরুদ্ধে আদালতে ধর্ষণের অভিযোগ করেছেন ৩১ বছরের ভুক্তভোগী এক নারী। 

সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এ তিনি এ মামলার আবেদন করেন। তার আর্জি শুনে বিচারক শওকত আলী ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য দারুস সালাম থানাকে নির্দেশ দেন বলে বাদীপক্ষের আইনজীবী মাহবুব হাসান রানা জানান। 

মামলার আর্জিতে বলা হয়, মামুনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বাদীর। মামুন বিয়ের প্রস্তাব দিলে ওই নারী রাজি হন। কিন্তু মামুন শর্ত দেন, অফিস থেকে বিয়ের অনুমতি না পাওয়া পর্যন্ত তাকে নিজের বাড়িতে তুলতে পারবেন না। এরপর গত বছরের ১৬ জুলাই বিকালে মামুন তার দুই বন্ধুসহ এসে একটি নীল কাগজকে কাবিননামা হিসেবে দেখিয়ে বাদীকে সই করতে বলেন। সই করার পর মামুন বলেন, তাদের বিয়ে হয়ে গেছে, কাবিনের অন্যান্য কাজ তিনি নিজে সেরে নেবেন। 

বাদী বলছেন, ২১ জুলাই আশুলিয়ায় তারা স্বামী স্ত্রী পরিচয় একটি বাসা ভাড়া নেয়। তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়। কিন্তু তাদের বিয়ের কথা জানাজানি হলে মামুন ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বলেন যে এতদিন তিনি বিয়ের মিথ্যা নাটক করেছেন। তার সঙ্গে সংসার করার কোনো ইচ্ছা তার নেই। বেশি বাড়াবাড়ি করলে তাদের অন্তরঙ্গ ছবি ও ভিডিও ভাইরাল করে দেওয়া হবে। 

অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে দুদক কর্মকর্তা মামুনুর রশিদকে ফোন করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মামলা সম্পর্কে তিনি কিছু জানেন না। মামলার কাগজ নিয়ে তার সঙ্গে দেখা করতে বলেন।