জুরাইনে স্ত্রীর সামনেই বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
স্ত্রীকে সঙ্গে নিয়ে জুরাইনে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন ওই বৃদ্ধ।
রাজধানীর জুরাইনে মেয়ের বাড়ি থেকে নিজের বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শ্যামপুর থানার পরিদর্শক (তদন্ত) সিহাব উদ্দিন জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জুরাইন বাসস্ট্যান্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াজউদ্দিনের বাড়ি নরসিংদীর মাধবদীতে, তার বয়স ৬৫ বছর। দুর্ঘটনার সময় তার স্ত্রী হালিমা আক্তার সঙ্গে ছিলেন। বৃদ্ধ দম্পতি রোববারই শ্যামপুরের জুরাইনে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।
রিয়াজউদ্দিনের জামাতা আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে জুরাইন বাসস্ট্যান্ড এলাকায় লেগুনার অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন তারা। এসময় একটি বাস এসে ধাক্কা দিলে তিনি (রিয়াজউদ্দিন) সেখানেই মারা যান।“
পরিদর্শক সিহাব উদ্দিন জানান, দুর্ঘটনার জন্য দায়ী বাসটিকে জব্দের পাশাপাশি চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রিয়াজউদ্দিনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলশি।
