কলকাতায় ‘নিখোঁজ’ বাংলাদেশি তরুণ
হোটেল থেকে বেরিয়ে আর ফেরেননি ওই তরুণ। তার সঙ্গে থাকা আত্মীয়রা পুলিশের সহায়তা চেয়েছেন।
চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গের কলকাতায় গিয়ে এক বাংলাদেশি তরুণের নিখোঁজ হওয়ার খবর দিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া-পিটিআই।
নিখোঁজ তরুণের নাম মোহাম্মদ দেলোওয়ার হোসেন, বয়স ২৩ বছর। তার সন্ধানে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।
কলকাতার একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বরাতে সংবাদ সংস্থাটি লিখেছে, চিকিৎসার জন্য আসা ওই তরুণ শহরের মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে থাকছিলেন।
নিখোঁজ দেলোয়ারের বাড়ি কোথায়, কবে কলকাতায় গেছেন, সেসব বিষয়ে বিস্তারিত জানায়নি পিটিআই।
এর আগে ভারতে চিকিৎসার জন্য গিয়ে নিখোঁজ হন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, যাকে একটি ফ্লাটে হত্যা করার খবর পরে সামনে আসে।
এ হত্যাকাণ্ডের তদন্ত চলার মধ্যেই তরুণ এই বাংলাদেশির নিখোঁজ থাকার খবর এল।
দেলোয়ারের নিখোঁজ থাকার বিষয়ে হোটেল কর্তৃপক্ষ বলছে, তার সঙ্গে আত্মীয়রাও এসেছেন। বুধবার রাতে হোটেল থেকে বেরিয়ে আর ফেরেননি ওই তরুণ।
কলকাতার পুলিশ কর্মকর্তার বরাতে পিটিআই লিখেছে, বৃহস্পতিবার সকালে দেলোয়ারের সন্ধানে পুলিশের সহায়তার জন্য তার আত্মীয়রা কলকাতার পার্ক স্ট্রিট থানায় যান। হোটেল কর্তৃপক্ষ নিখোঁজ হওয়ার তথ্য জানানোর পর একটি মামলা দায়ের করা হয়েছে।
তদন্তের অংশ হিসেবে এখন হোটেল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সেগুলো খতিয়ে দেখার কথা বলেছেন ওই কর্মকর্তা।
গত ১১ মে কলকাতায় গিয়ে পরদিন নিখোঁজ হন এমপি আনার। কলকাতার অভিজাত আবাসন সঞ্জিভা গার্ডনসের একটি ফ্ল্যাটে ডেকে নিয়ে তাকে খুনের পর লাশ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া হয় বলে গ্রেপ্তার সন্দেহভাজন আসামিদের জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে দুই দেশের পুলিশ।
কারাগারে থাকা সন্দেহভাজন খুনিদের দেওয়া তথ্য অনুযায়ী তল্লাশি চালিয়ে কলকাতার কয়েকটি স্থান থেকে কয়েক কেজি হাড়-মাংস উদ্ধার করে প্রাথমিক ফরেনসিক পরীক্ষায় জানা গেছে, সেগুলো ‘পুরুষ মানুষের’। তবে তা এমপি আনারের কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আনারের ডিএনএর সঙ্গে তার রক্তের সম্পর্কের এক বা একাধিক ব্যক্তির ডিএনএ মিলিয়ে দেখার পর চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাবে বলে ঢাকা ও কলকাতার তদন্তকারীরা বলে আসছেন।
