২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৬ জন

এইডিস মশাবাহিত রোগটিতে চলতি বছরের এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2025, 05:20 PM

Updated : 26 Aug 2026, 11:55 AM

দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছয়জন; এ সময়ে মশাবাহিত রোগটিতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৫৩৫ জনে, মারা গেছেন মোট ১৩ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় একজন, ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রাম বিভাগে একজন এবং রংপুর বিভাগের হাসপাতালে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি রয়েছেন ৬১ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে ২৬ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে রয়েছেন ৩৫ জন।

দেশে গেল বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন। মারা যান ৫৭৫ জন। বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃত্যুর হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। 

এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় একই বছর।

২০২২ সালে সারা দেশে ১ লাখ এক হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়, যা বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ।