শোলাকিয়া ঈদগাহ মাঠ উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর
সৌদি আরবের আরাফাতের মাঠের মত শোলাকিয়াতেও নিম গাছ রোপণ করতে বলেন সরকার প্রধান।
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার সন্ধ্যায় শোলাকিয়া ঈদগাহ ময়দানে আয়োজিত এক অনুষ্ঠানে সরকার প্রধান এসব উন্নয়ন কার্যক্রম ভিত্তি প্রস্তর স্থাপন করেন বলে তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাদ্দৌলা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “ঐতিহাসিক এই মাঠটাকে উন্নয়নের জন্য আমরা ব্যবস্থা নিয়েছে। এখানে লক্ষ লক্ষ মানুষ যেহেতু নামাজ পড়তে আসে, এই মাঠটাকে উন্নয়নের জন্য আমরা ১৭ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছি। এর ভিতর আমরা জেলা প্রশাসকের কাছে ৬ কোটি টাকা সরকার থেকে পৌঁছে দেওয়া হয়েছে।
“দ্রুতই কাজ শুরু হবে। এই ঈদগাহ মাঠটিকে সুন্দর করা হবে; যাতে মুসল্লিরা ঈদের সময় নামাজ পড়তে পারেন।”
এরপর পর প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ জেলা ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারেক রহমান নিজ হাতে বৃক্ষরোপণ করে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরেন।
পরে প্রধানমন্ত্রী শোলাকিয়া ঈদগাহ ময়দানে উপস্থিত জনগণের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন। শোলাকিয়া ঈদগাহ মাঠে সবুজায়নের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “আমরা চাই আরাফাতের মাঠের মত এখানেও আমরা নিম গাছ রোপণ করব। এই নিম গাছগুলো বড় হলে যখন মুসল্লিরা আসবেন বা অন্য সময় যখন বাচ্চারা খেলতে আসবে বা হাঁটাহাঁটি করতে আসবেন সকালে বিকেলে, নিম গাছে তাদের অনেক উপকার করবে।”
শোলাকিয়া মাঠের পরিবেশ রক্ষায় এলাকাবাসীকে উদ্যোগী হতে বলেন প্রধানমন্ত্রী।
এদিকে শোলাকিয়া ঈদগাহ ময়দানে প্রধানমন্ত্রীর উপস্থিতি ঘিরে এ দিন স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে এবং তার বক্তব্য শুনতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রচুর মানুষ শোলাকিয়া মাঠে সমবেত হন।
এই কর্মসূচির পর সড়ক পথে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হন বলে তথ্য দেন উপ প্রেস সচিব।
