Published : 18 Nov 2024, 05:18 PM
বেসরকারি স্কুল-কলেজে অ্যাডহক বা অস্থায়ী কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আর অ্যাডহক কমিটিকে ছয় মাসের মধ্যে নিয়মিত গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশনা দিতে বলা হয়েছে শিক্ষা বোর্ডগুলোকে।
সোমবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রজ্ঞাপনটি জারি করে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।”
প্রজ্ঞাপনে বলা হয়েছে, “'বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪' এর প্রবিধি ৬৪ এর আওতায় অ্যাডহক কমিটি গঠনপূর্বক ওই অ্যাডহক কমিটি কর্তৃক আগামী ৬ মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডসমূহকে অনুরোধ করা হলো।”
গত ৫ আগস্ট সরকারের পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয় গত ২০ অগাস্ট সব বেসরকারি স্কুল ও কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিদের অপসারণ করে।
প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের নতুন দায়িত্ব পেয়েছিলেন বিভাগীয় কমিশনার, ডিসি, ইউএনওরা। তবে সভাপতি অপসারণ হলে কমিটির অন্য সদস্যরা নিজ নিজ পদে বহাল ছিলেন।
যা আছে প্রবিধানমালায়
'উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪' এর প্রবিধি ৬৪ তে বলা হয়েছে, “কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে গভর্নিং বডি বা, ক্ষেত্রমতে, ম্যানেজিং কমিটি পুনর্গঠনে ব্যর্থ হইলে অথবা সঠিকভাবে গঠিত না হইলে বা বাতিল হইলে বা বিদ্যমান কমিটি ভাঙিয়া দেওয়া হইলে অনধিক ছয় মাসের জন্য চার সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত হবে।”
অ্যাডহক কমিটির সভাপতি শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত হবেন। সদস্য হিসেবে, শিক্ষক প্রতিনিধি থাকবেন জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্য হতে একজন শিক্ষক।
অভিভাবক প্রতিনিধি হবেন জেলা সদরের ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক এবং উপজেলার ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত একজন অভিভাবক।
আর সদস্য-সচিব থাকবেন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান।
অ্যাডহক কমিটি গঠনের বিষয়ে শিক্ষা বোর্ডের অনুমতি নিতে হবে এবং অনুমতি পাওয়ার এক মাসের মধ্যে কমিটি গঠন করে অনুমোদনের জন্য শিক্ষা বোর্ডে আবেদন করতে হবে।
অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের ধারা সংশোধন
'উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪' এর প্রবিধি ৬৪ এর অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়ন সংক্রান্ত ধারা সংশোধন করে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
প্রবিধি ৬৪ এর ৩ নম্বর ধারায় বলা ছিল, অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের ক্ষেত্রে "শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, স্থানীয় সংসদ সদস্যের সাথে আলোচনাক্রমে, শিক্ষানুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা কর্মরত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মধ্য হতে তিন জনের একটি তালিকাসহ অন্যান্য সদস্যের মনোনয়ন গ্রহণ করে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কাছে পাঠাবেন।"
এ ধারার ‘স্থানীয় সংসদ সদস্যের সাথে আলোচনাক্রমে’ অংশটির পরিবর্তে ‘মহানগরীর ক্ষেত্রে বিভাগীয় কমিশনার ও অন্যান্য ক্ষেত্রে জেলা প্রশাসকের সাথে আলোচনাক্রমে’ করা হয়েছে বলে উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী জানিয়েছেন।
অর্থাৎ অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, মহানগরীর ক্ষেত্রে বিভাগীয় কমিশনার ও অন্যান্য ক্ষেত্রে জেলা প্রশাসকের সাথে আলোচনার মাধ্যমে শিক্ষানুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা কর্মরত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মধ্য থেকে তিন জনের একটি তালিকাসহ অন্যান্য সদস্যের মনোনয়ন নিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাবেন৷