২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় সন্তান প্রসব: ৫ জনের মৃত্যু, আরেকজন লাইফ সাপোর্টে

জন্মের পরেই রোববার একটি নবজাতকের মৃত্যু হয়। পরের দিন সন্ধ্যার মধ্যে মৃত্যু হয় আরও চার শিশুর।

ছয় সন্তান প্রসব: ৫ জনের মৃত্যু, আরেকজন লাইফ সাপোর্টে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2025, 08:58 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে একসঙ্গে জন্ম নেওয়া ছয় শিশুর পাঁচজন মারা গেছে। 

বেঁচে থাকা একমাত্র শিশুটির অবস্থাও সংকটাপন্ন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে একসঙ্গে ছয় সন্তান প্রসব করেন নোয়াখালী থেকে আসা মোকসেদা আক্তার প্রিয়া (২৩)। 

গর্ভধারণের ২৭ সপ্তাহের মাথায় সন্তান প্রসব করেন তিনি। নির্ধারিত সময়ের ১০ সপ্তাহ আগেই (প্রিম্যাচিউর) জন্ম হওয়ায় এসব নবজাতকের অবস্থা ছিল সংকটাপন্ন।

চিকিৎসকের বরাতে স্বজনরা বলছেন, শিশুগুলোর ওজন ছিল ৬১৫ থেকে ৯০০ গ্রামের মধ্যে, যা শিশুর স্বাভাবিক ওজনের প্রায় তিন ভাগের এক ভাগ।

শিশুদের বাবা মো. হানিফ কাতার প্রবাসী। শিশুদের মায়ের সঙ্গে হাসপাতালে ছিলেন হানিফের বোন ফারজানা আক্তার। 

তিনি বলছেন, জন্মের পরপরই রোববার একটি শিশুর মৃত্যু হয়। বাকি পাঁচ শিশুর মধ্যে তিনজনকে একটি বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে নেওয়া হয়। বাকি দুই নবজাতক ছিল ঢাকা মেডিকেলের এনআইসিইউতে। 

এর মধ্যে সোমবার সকালে ঢাকা মেডিকেলে থাকা দুই নবজাতকের মৃত্যু হয়। সন্ধ্যার মধ্যে মৃত্যু হয় বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে থাকা দুই শিশুর। বেঁচে থাকা একমাত্র শিশুর অবস্থা আশঙ্কাজনক। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

ফারজানা বলছেন, “চিকিৎসার অনেক খরচ ভাই। আমরা আর যোগাইতে পারতেছি না। আমার ভাই (শিশুদের বাবা) খরচ যোগানোর জন্য দেশে পর্যন্ত এল না; তাও পারতেছি না। দুই বছর আগেও ওদের একটা বাচ্চা জন্ম নেওয়ার তিনদিনের মধ্যে মারা গেল। এবার একসঙ্গে ছয়টা বাচ্চা হলো, পাঁচটাই তো চলে গেল।”

ফারজানা বলছেন, “ওদেরকে আজিমপুর গোরস্থানে দাফন করা হইছে। সারা দিনই পরিবারের লোকজন আজিমপুর গোরস্থানে একাধিকবার গিয়ে তাদের দাফন সম্পন্ন করেছে।”

এসব শিশুর মা প্রিয়া এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন জানিয়ে ফারজানা বলেন, তার অবস্থা উন্নতির দিকে। 

এর আগে গত বছরের এপ্রিলে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে সুমনা আক্তার নামে এক নারী একসঙ্গে ছয় বাচ্চা প্রসব করেন। শিশুগুলো অপরিপক্ক হওয়ায় একটিকেও বাঁচানো যায়নি বলে তখন জানিয়েছিলেন সেখানকার চিকিৎসকরা।