Published : 12 Jul 2026, 06:48 PM
ঢাকার গুলশান ও বারিধারা লেকের সংস্কার এবং স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস অফিস জানিয়েছে।
বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ধানমন্ডি লেকের সংস্কার ও পুনর্নির্মাণ, নজরুল সরোবর নির্মাণ এবং ঢাকার পয়োনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।
প্রধানমন্ত্রীর প্রেস অফিস বলেছে, বৈঠকে গুলশান ও বারিধারা লেকে সংযুক্ত সব অবৈধ বর্জ্য নির্গমন লাইন আগামী ছয় মাসের মধ্যে পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে।
রাজউকের নেতৃত্বে গুলশান লেকের পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও পরিবেশগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্তও এসেছে বৈঠক থেকে।
বৈঠকে প্রধানমন্ত্রী ঢাকার বিভিন্ন লেক পুনরুদ্ধার, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের বিষয়ে কয়েকটি উপস্থাপনা পর্যালোচনা করেন।
একই সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন এবং রাজধানীর পরিবেশ ও জলাধার সংরক্ষণে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে অন্যদের মধ্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।