২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলার সময় রশিতে ফাঁস লেগে শিশুর মৃত্যু

বাসার বারান্দায় কাপড় শুকানোর রশি নিয়ে ঝুলে ঝুলে খেলা করছিল শিশুটি।

খেলার সময় রশিতে ফাঁস লেগে শিশুর মৃত্যু

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2022, 10:07 PM

Updated : 30 Jul 2022, 10:10 PM

রাজধানীতে কাপড় শুকানোর রশি নিয়ে খেলার সময় গলায় ফাঁস লেগে নয় বছরের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে জুরাইন এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে বলে জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।

শিশুটির নাম আরাফাত ইসলাম আরজু। তার বাবা আজিজুল হক ওয়ার্কশপ ব্যবসায়ী। তার দুই ছেলের মধ্যে আরজু বড়। সে স্থানীয় একটি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।

আরজুর মামা রুবেল রহমান জানান, জুরাইনের মুরাদপুর হাই স্কুলের পাশে একটি ভবনের চারতলায় পরিবার নিয়ে ভাড়া থাকেন আজিজুল।

তিনি বলেন, “শনিবার দুপুরে বাসার বারান্দায় কাপড় শুকানোর রশি নিয়ে ঝুলে ঝুলে খেলার চেষ্টায় ছিল আরজু। এ সময় হঠাৎ রশির সাথে গলায় ফাঁস লেগে আরজু অচেতন হয়ে পড়ে।

“পরে বাসার লোকজন দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানে দুপুর ২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”