ভারি বৃষ্টির আভাস, যা মানতে হবে হাওরের কৃষকদের
আকস্মিক বন্যার শঙ্কা কম।
টানা দাবদাহের পর ভারী বৃষ্টির আভাস আসায় হাওর অঞ্চলের কৃষকদের জন্য কিছু পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
রোববার কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের (কম্পোনেন্ট সি-বিডব্লিউসিএসআরপি) পরিচালক শাহ কামাল খান স্বাক্ষরিত এক বার্তায় বলা হয়, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুসারে, আগামী ৩ মে থেকে বাংলাদেশের উত্তর-পূর্ব হাওর অঞ্চলের (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নেত্রকোণা) অনেক জায়গায় ভারি থেকে অতিভারি বৃষ্টির আভাস রয়েছে।
এরইমধ্যে হাওর অঞ্চলের ৮০ শতাংশ ধান কাটা সারা হয়েছে। বাকি ফসল যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য চাষিদের কয়েকটি দিকে খেয়াল রাখতে বলা হয়েছে।
- বোরো ধান ৮০ শতাংশ পরিপক্ক হয়ে গেলে দ্রুত সংগ্রহ করে নিরাপদ ও শুকনো জায়গায় রাখতে হবে।
- পরিপক্ক সবজি দ্রুত সংগ্রহ করতে হবে।
- নিষ্কাশন নালা পরিষ্কার রাখতে হবে, যাতে ধানি জমিতে পানি না জমে।
- জমির আইল উঁচু করতে হবে।
- ফসলের জমি থেকে অতিরিক্ত পানি সরিয়ে ফেলার ব্যবস্থা করতে হবে।
- অন্য ফসলে এখন সেচ, সার ও বালাইনাশক নয়; বৃষ্টির পরে বালাইনাশক দেওয়া যেতে পারে।
- কলাসহ অন্যান্য উদ্যানতাত্বিক ফসল ও সবজির জন্য খুঁটির ব্যবস্থা করতে হবে।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রহমান এক প্রতিবেদনে বলেছেন, “বাংলাদেশ ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাসমূহের তথ্যানুযায়ী মে মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ ও উজানের মেঘনা অববাহিকার স্থানসমূহে সামগ্রিকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।”
তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আকস্মিক বন্যার শঙ্কা ক্ষীণ বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।
