Published : 04 May 2026, 11:34 AM
জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়াল মাধ্যমে আদালতের কার্যক্রম পরিচালনার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা স্থগিত করা হয়েছে।
রোববার এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। প্রথমে একটি বিজ্ঞপ্তিতে কেবল আপিল বিভাগের ভার্চুয়াল কোর্ট স্থগিতের কথা বলা হয়েছিল। পরে আরেকটি বিজ্ঞপ্তিতে উভয় বিভাগে (চেম্বার আদালতসহ) স্থগিতের কথা বলা হয়।
সুপ্রিম কোর্ট প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনার যে সিদ্ধান্ত আগে নেওয়া হয়েছিল, তা আপাতত স্থগিত করা হল। ফলে এখন থেকে সপ্তাহের সব কার্যদিবসেই সশরীরে বা নিয়মিত আদালতে বিচারকাজ পরিচালিত হবে।
গত ১৯ এপ্রিল সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে সপ্তাহে দুদিন ভার্চুয়াল কোর্ট পরিচালনার কথা জানানো হয়েছিল।
ওইদিন প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী জানিয়েছিলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছিল, আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন-২০২০ এবং সুপ্রিম কোর্টের প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে ২২ এপ্রিল থেকে সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালিত হবে। সপ্তাহের অন্যান্য কার্যদিবসে সশরীরে আদালত চলবে।
সুপ্রিম কোর্টে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনার ওই সিদ্ধান্ত ঘোষণার পরই এর প্রতিবাদ জানিয়েছিলেন আইনজীবীরা। গত ২১ এপ্রিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে সাধারণ আইনজীবী ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা।
বিক্ষোভ সমাবেশে আইনজীবীরা অভিযোগ করেছিলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এর আগে আইনজীবী নেতাদের সঙ্গে আলোচনা করে মতামত নেওয়া হত। কিন্তু এবার কোনো আলোচনা ছাড়াই ভার্চুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে।
এই দাবি তুলে তারা ভার্চুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন।