যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে গ্রাফিতির বই উপহার দিলেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মুহাম্মদ ইউনূস দায়িত্বগ্রহণের পরই এই আর্টবুক প্রকাশের উদ্যোগ নেন বলে তার প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনের সময় শহরের দেওয়াল জুড়ে যেসব গ্রাফিতি আঁকা হয়েছে, সেগুলোর একটি আর্টবুক যুক্তরাষ্ট্রের সফররত প্রতিনিধি দলকে উপহার দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের সঙ্গে সাক্ষাৎ হয় প্রধান উপদেষ্টার।
অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মুহাম্মদ ইউনূস দায়িত্বগ্রহণের পরই এই আর্টবুক প্রকাশের উদ্যোগ নেন বলে তার প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রধান উপদেষ্টা বইটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে যুক্তরাষ্ট্র প্রতিনিধিদলকে বলেন, “আমি আপনাদেরকে ঢাকা শহরের দেওয়ালগুলো দেখার জন্য অনুরোধ করব। এসব গ্রাফিতি এখনো রয়েছে। এগুলো বিপ্লবের পর আঁকা হয়নি। প্রতিবাদ চলাকালীন ছাত্ররা সরকারি বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে এসব গ্রাফিতি এঁকেছিল।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্দোলনের সময় ঢাকা গ্রাফিতির রাজধানীতে পরিণত হয়। তরুণ শিল্পীরা এসব দেওয়ালকে শক্তিশালী ক্যানভাসে পরিণত করেন। স্লোগান ও কবিতা লিখে কঠোর বার্তা দেন তারা।
এই বার্তাগুলো বিপ্লবের চেতনা এবং বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষার প্রতিফলন।
কীভাবে ছাত্ররা তাদের শিল্পকর্মের মাধ্যমে বার্তা পৌঁছাতে বিভিন্ন শ্রেণির মানুষের সহায়তা পেয়েছিল, তা স্মরণ করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, “তাদের কাছে রঙ ও তুলি কেনার টাকা ছিল না। কিন্তু অনেকেই তাদের সহায়তা করতে এগিয়ে এসেছিল।”
যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডনাল্ড লু, সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ, আন্তর্জাতিক সাহায্য সংস্থার (ইউএসএআইডি) উপসহকারী প্রশাসক অঞ্জলি কাউর এবং ট্রেজারি বিভাগের পরিচালক জেরোড ম্যাসন।
