২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদক কমিশন নিয়োগ কীভাবে? কী বলছে সংশোধিত আইন?

সংশোধিত আইনে কমিশনার নিয়োগের জন্য সাত সদস্যের একটি বাছাই কমিটি করার কথা বলা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2026, 01:04 AM

Updated : 26 Aug 2026, 03:06 PM

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন ও দুই কমিশনার সম্প্রতি পদত্যাগ করায় এ সংস্থার নেতৃত্বে কারা আসবেন, সেই প্রশ্ন সামনে এসেছে।

এই প্রেক্ষাপটে দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের আইনি প্রক্রিয়া এবং সাম্প্রতিক আইন সংশোধনে কী পরিবর্তন এসেছে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

নতুন নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে রদবদলের মধ্যে ৩ মার্চ পদত্যাগপত্র জমা দেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। এর ফলে কমিশনের নেতৃত্বে নতুন নিয়োগের বিষয়টি সামনে আসে।

অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালে অধ্যাদেশের মাধ্যমে দুদক আইন সংশোধনের ফলে কমিশন গঠনের নিয়মে বড় ধরনের পরিবর্তন এসেছে। নতুন বিধানে কমিশনের সদস্যসংখ্যা বাড়ানোর সুযোগ, নারী ও তথ্যপ্রযুক্তি–দক্ষ কমিশনার রাখার বাধ্যবাধকতা এবং বাছাই কমিটির কাঠামো পুনর্গঠন করা হয়েছে।

সবশেষ ২০২৫ সালের ২৩ ডিসেম্বর জারি হওয়া ‘দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুযায়ী, এখন অন্যূন একজন নারী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ ও অভিজ্ঞ একজন কমিশনারসহ অনধিক পাঁচজন কমিশনারকে নিয়ে কমিশন গঠন করা যাবে। তাদের মধ্যে থেকে রাষ্ট্রপতি একজনকে চেয়ারম্যানের দায়িত্ব দেবেন।

বাছাই কমিটি 

সংশোধিত আইনে কমিশনার নিয়োগের জন্য সাত সদস্যের একটি বাছাই কমিটি করার কথা বলা হয়েছে। এর সভাপতি হবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন জ্যেষ্ঠ বিচারক।

এ ছাড়া কমিটিতে থাকবেন প্রধান বিচারপতির মনোনীত হাই কোর্ট বিভাগের একজন বিচারক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, জাতীয় সংসদের স্পিকারের মনোনীত সরকার ও বিরোধী দলের একজন করে দুজন সংসদ সদস্য এবং

সুশাসন, দুর্নীতিবিরোধী কার্যক্রম বা দুর্নীতিসংক্রান্ত বিচার পরিচালনায় অন্তত ১৫ বছরের অভিজ্ঞ একজন নাগরিক, যাকে কমিটির সভাপতি মনোনীত করবেন।

অধ্যাদেশে বলা হয়েছে, জাতীয় সংসদ না থাকা অবস্থায় বাছাই কমিটি গঠনের প্রয়োজন হলে দুইজন সংসদ সদস্য ছাড়া কমিটি গঠন করা যাবে।

আবেদন, শর্টলিস্ট ও সাক্ষাৎকার

আইন অনুযায়ী বাছাই কমিটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে দরখাস্ত ও মনোনয়ন আহ্বান করবে। আবেদনকারীদের জীবনবৃত্তান্ত ও সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে।

কমিটি নিজ উদ্যোগেও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবে। যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে। এরপর তাদের সাক্ষাৎকার নেওয়া হবে।

সাক্ষাৎকার নেওয়ার প্রয়োজনে কমিটি সর্বোচ্চ দুজন বিশেষজ্ঞকে যুক্ত করতে পারবে। তবে তারা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না।

সবশেষে কমিশনারের প্রতিটি শূন্য পদের বিপরীতে দুজন করে প্রার্থীর নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ আকারে পাঠাবে বাছাই কমিটি।

দুদকের এক কর্মকর্তা বলেন, বাস্তবে এই প্রক্রিয়ায় আবেদন গ্রহণ, যাচাই-বাছাই, শর্টলিস্ট তৈরি এবং সাক্ষাৎকার–এই চার ধাপই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গণবিজ্ঞপ্তি দিয়ে আবেদন নেওয়া হবে। সিভি আর সম্পদের হিসাব জমা দিতে হবে। এরপর শর্টলিস্ট করে ইন্টারভিউ হবে।”

সিদ্ধান্ত কীভাবে হবে

অধ্যাদেশ অনুযায়ী, বাছাই কমিটি সাধারণত সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করবে। তা সম্ভব না হলে উপস্থিত সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতই কমিটির সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে।

ভোট সমান হলে কমিটির সভাপতি বা সভায় সভাপতিত্বকারী ব্যক্তি নির্ণায়ক ভোট দিতে পারবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ বাছাই কমিটির কার্যক্রমে সাচিবিক সহায়তা দেবে।

শেষ সিদ্ধান্ত কীভাবে

অধ্যাদেশে বলা হয়েছে, বাছাই কমিটি প্রতিটি শূন্য পদের বিপরীতে দুজনের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। রাষ্ট্রপতি সেখান থেকে চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেবেন।

তবে সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতির সিদ্ধান্ত কার্যত প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শসাপেক্ষ হয়ে থাকে।

দুদকের এক কর্মকর্তা বলেন, আইন অনুযায়ী নাম রাষ্ট্রপতির কাছে গেলেও বাস্তবে সেই প্রক্রিয়া সরকারের নির্বাহী স্তর পেরিয়েই যায়।

তিনি বলেন, “শর্টলিস্ট রাষ্ট্রপতির কাছে যাবে, কিন্তু সংসদীয় ব্যবস্থায় হেড অব গভার্নমেন্টের লিখিত সুপারিশ ছাড়া রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেন না। কাজেই আইনগত ধাপ আর বাস্তব ধাপ—দুটো আছে।”

কমিশনার হওয়ার যোগ্যতা

সংশোধিত আইনে কমিশনার হওয়ার যোগ্যতাও নতুন করে নির্ধারণ করা হয়েছে।

আইন, আইন প্রণয়ন, শিক্ষা, প্রশাসন, বিচার, হিসাব বা নিরীক্ষা, শৃঙ্খলা বাহিনী, আর্থিক প্রতিষ্ঠান বা দুর্নীতিবিরোধী কার্যক্রমে যথাযথ পর্যায়ে অন্তত ২০ বছরের অভিজ্ঞতা থাকলে কাউকে কমিশনার হিসেবে বিবেচনা করা যাবে।

অধ্যাদেশে বলা হয়েছে, অন্য কোনো রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি নেওয়া, বিদেশি নাগরিকত্ব গ্রহণ বা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বিদেশে বিনিয়োগ করাও অযোগ্যতার কারণ হতে পারে।

নতুন আইনে আর কী বদল

সংশোধিত আইনে দুদকের কাঠামো ও কার্যপদ্ধতিতে আরও কিছু পরিবর্তন আনা হয়েছে।

কমিশনের কার্যালয় যেসব স্থানে থাকবে, সেখানে এক বা একাধিক স্পেশাল জজ আদালত প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।

‘গোপনীয় অনুসন্ধান’, ‘জ্ঞাত আয়’, ‘এজাহার’ ও ‘আদালত’-এর নতুন সংজ্ঞা যুক্ত করা হয়েছে।

কিছু ক্ষেত্রে তদন্তপূর্ব অনুসন্ধান ছাড়াই সরাসরি এজাহার দায়েরের সুযোগ রাখা হয়েছে। তদন্তের সময়সীমা বিশেষ ক্ষেত্রে আরও ৬০ কর্মদিবস বাড়ানোর সুযোগও যুক্ত হয়েছে।

এ ছাড়া দুদকের আর্থিক স্বাধীনতা, বার্ষিক ও ষান্মাসিক প্রতিবেদন প্রকাশ এবং কমিশনের ওয়েবসাইটে কার্যক্রমের তথ্য প্রকাশের বিধানও যুক্ত করা হয়েছে।

আগে কী ছিল আইনে

২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী, আগে কমিশনে চেয়ারম্যানসহ তিন সদস্যের থাকতেন। রাষ্ট্রপতি একজন চেয়ারম্যান এবং দুইজন কমিশনার নিয়োগ দিতেন।

কমিশনার নিয়োগের জন্য পাঁচ সদস্যের একটি বাছাই কমিটির বিধান ছিল। সেই কমিটিতে ছিলেন আপিল বিভাগের একজন বিচারপতি, হাই কোর্ট বিভাগের একজন বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান।

বাছাই কমিটি যোগ্য প্রার্থীদের তালিকা রাষ্ট্রপতির কাছে সুপারিশ করত এবং সেখান থেকে কমিশনার নিয়োগ দেওয়া হত।