শুক্রাবাদে বাসায় আগুন: স্বামী-স্ত্রীর পর তাদের সন্তানও বাঁচল না
শিশুটির শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
রাজধানীর শুক্রাবাদে ‘গ্যাস বিস্ফোরণ’ থেকে বাসায় আগুন লেগে দগ্ধ দম্পতির পর তাদের তিন বছর বয়সী শিশু সন্তানটিকেও বাঁচানো গেল না।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় চিকিৎসাধীন বায়েজিদের মৃত্যু হয়েছে।
শিশুটির শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
সাধারণত কারও শরীরের ৩০ শতাংশের বেশি পুড়ে গেলে তার অবস্থা ‘আশঙ্কাজনক’ বলে বিবেচনা করেন চিকিৎসকরা।
এর আগে বুধবার রাতে বায়েজিদের মা ৩০ বছর বয়সী নিপা বেগম মারা যান, যিনি শরীরের ৩২ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।
আর গত ১ অক্টোবর নিপার স্বামী ৩৫ বছর বয়সী টোটন মিয়া মারা যান, তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়ে হয়েছিল।
গত ২৮ সেপ্টেম্বর ভোরে শুক্রবাদ বাজার এলাকার একটি বাড়িতে আগুনে মো. টোটন, তার স্ত্রী নিপা এবং তাদের শিশু সন্তান বায়েজীদ দগ্ধ হয়। পরে তাদের বার্ন ইনস্টটিউটিটের জরুরি বিভাগের রেড ইউনিটে ভর্তি করা হয়।
তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া দগ্ধ টোটনের শ্যালক নজরুল ইসলাম ও মামা জাকির হোসেন জানান, ওই বাসাতে বেশ কিছুদিন ধরেই গ্যাস লিকেজ হয়ে ছিল। শনিবার ভোরে ম্যাচ জ্বালাতেই সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে এতে তারা তিনজন দগ্ধ হয়।
ঘটনার দিন ওই বাড়ির মালিক নিজাম উদ্দিন বলেন, বাড়ির নিচতলায় স্ত্রী-সন্তানকে নিয়ে থাকেন টোটন। তিনি থাকেন তিন তলায়। ভোরে বিস্ফোরণের শব্দ শুনে নিচে নেমে আগুন দেখতে পান। বিস্ফোরণ কেন হলো তা বুঝতে পারছেন না তিনি।
“রাত চারটা থেকে সাড়ে চারটার মধ্যে এই ঘটনায় ঘটেছে। একটা শব্দ পেয়ে আমরা নিচে নেমে দেখি জানলায় আগুন। টোটন এবং বাকী দুজন বাইরে বের হয়ে বসে আছেন। আমরা আগুন নিভিয়ে তাদের হাসপাতালে নিয়ে যাই। ঘটনার পর র্যাব, ফায়ার সার্ভিস এবং তিতাস গ্যাস এখানে এসেছে। আমরাও চাই ঘটনাটির কারণ বের হোক।”
