ডাকসু নির্বাচন হবে জাতীয় নির্বাচনের মডেল: স্বরাষ্ট্র উপদেষ্টা
“এখানে যারা প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার হচ্ছেন তারা একেবারে উচ্চ শিক্ষায় শিক্ষিত। কিন্তু জাতীয় পর্যায়ে ঠিক এ রকম হবে না। বাট ডেফিনিট একটা মডেল।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন, আগামী সংসদ নির্বাচনের ‘মডেল হবে’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
তবে দুই নির্বাচনকে এক কাতারে মিলিয়ে না ফেলারও অনুরোধ জানিয়েছেন তিনি।
মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “জাতীয় নির্বাচনের সঙ্গে ডাকসু নির্বাচন মিলিয়ে ফেলা যাবে না। এটা একটা মডেল হিসাবে কাজ করবে। এখানে যারা প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার হচ্ছেন তারা একেবারে উচ্চ শিক্ষায় শিক্ষিত। কিন্তু জাতীয় পর্যায়ে ঠিক এ রকম হবে না। বাট ডেফিনিট একটা মডেল।"
ডাকসু নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, "কোনো সমস্যা নেই সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন।"
এদিনের সভায় জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসাবে বিভিন্ন সংস্থার প্রশিক্ষণের বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
বিভিন্ন মব হামলার উদাহরণ তুলে সাংবাদিকরা জানতে চেয়েছেন জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু পরিবেশে হবে? জবাবে তিনি বলেন, "আগে কোনো ঘটনা ঘটলে রিপোর্ট পেতে সময় লাগত। কিন্তু প্রযুক্তির সহায়তায় তথ্য আগে পাওয়া যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে সমস্যাও হয়। এখনো যে পরিস্থিতি আছে নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না, শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে নির্বাচন হবে।"
প্রশ্নোত্তর পর্বের আগে স্বরাষ্ট্র উপদেষ্টা মাদক নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চেয়েছেন।
তিনি বলেন, "মাদক এবং মাদক কারবারি ধরা পড়ার সংখ্যা অনেক বাড়ছে। মাদক আসছে বেশি, ধরাও পড়ছে। কিন্তু আমরা একেবারে বন্ধ করতে পারিনি। হোটেল টোটেল গুলেতেও বিভিন্ন ধরনের মাদক ব্যবহার হচ্ছে। ধরাও হচ্ছে।"
মাদক ধরা পড়ার হার বাড়ছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "আরাকান আর্মি বেঁচে আছে মাদক বিক্রির উপরে। তাদের যে ইন্ডাস্ট্রি আছে ওগুলো করে তাদের মেইন আয় মাদক বিক্রির উপর।”
আরাকান আর্মি মিয়ানমারের ‘পুরো সীমান্ত দখল করে নিয়েছে’ বলেও মন্তব্য করেন স্বারষ্ট্র উপদেষ্টা।
"তবে তারা এখন কিছুটা কৃষি কাজের দিকে অগ্রসর হচ্ছে, এটা যদি করে তাহলে মাদকের বিষয়টি কমে আসবে।"
