বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির নেতৃত্বে ওয়াকিল-জাকির
সংবাদ সম্মেলনে বলা হয়েছে, ২৫ জানুয়ারি তাদের নতুন কমিটির পরিচিতি সভার দিন আরেক কমিটি নেতাকর্মীদের ‘নিন্দনীয় ও অগ্রহণযোগ্য’ কর্মকাণ্ডের কারণে অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হয়।
অর্থোপেডিক সার্জনদের সংগঠন বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ১৬১ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। এতে মো. ওয়াকিল উদ্দিন আহমদকে আহ্বায়ক, সৈয়দ জাকির হোসেন সদস্য সচিব এবং তাজুল ইসলাম রবিকে কোষাধ্যক্ষ করা হয়েছে।
বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পড়ে শোনান সৈয়দ জাকির।
তিনি বলেন, জুলাই-অগাস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর সোসাইটির আগের কমিটির সবাই পদত্যাগ করে। এতে প্রশাসনিক শূন্যতা সৃষ্টি হয়, সোসাইটির কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ে। এরইমধ্যে জাতীয়তাবাদী অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসকদের অন্ধকারে রেখে একটি কমিটি করা হয়।
“কাউকে কিছু না জানিয়ে অল্পসংখ্যক চিকিৎসককে নিয়ে জানুয়ারির ২০ তারিখে একটি মহল চর দখলের মত ফ্যাসিস্ট কায়দায় একটি কমিটি ঘোষণা করেন। ওই সেই কমিটিকে সমগ্র অর্থোপেডিক চিকিৎসক সমাজ প্রত্যাখ্যান করে। সঙ্গে সঙ্গেই তাদের ওই ফ্যাসিস্ট কর্মকাণ্ডের প্রতিবাদ হিসেবে নবীন, প্রবীণের চিকিৎসকদের সমন্বয়ে ৮১ সদস্যের আরেকটি কমিটি করা হয়।”
সংবাদ সম্মেলনে বলা হয়েছে, ২৫ জানুয়ারি তাদের নতুন কমিটির পরিচিতি সভার দিন আরেক কমিটি নেতাকর্মীদের ‘নিন্দনীয় ও অগ্রহণযোগ্য’ কর্মকাণ্ডের কারণে অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হয়।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দুই পক্ষই জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের পরিচালকের কার্যালয়ে আলোচনায় বসেন। সেখানে দুইপক্ষের মতামতের ভিত্তিতে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়।
‘একটি মহল’ কারা জানতে চাইলে ডা. জাকির বলেন, নিটোরের বর্তমান পরিচালক আবুল কেনান আহ্বায়ক এবং ডা. এরফান উল সিদ্দিকী এবং তাদের লোকজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জাকির হোসেন বিপ্লব বলেন, ২৫ জানুয়ারি যে সভা হয়েছিল সেখানে আবুল কেনানও ছিলেন। সেদিন দুটি কমিটি স্থগিত, কেউ সোসাইটির অফিস ব্যবহার করতে পারবে না এবং জ্যেষ্ঠ চিকিৎসকদের উপস্থিতিতে দুই কমিটি ভেঙ্গে একটি কমিটি করার সিদ্ধান্ত হয়।
“কিন্তু তিন সপ্তাহ পার হয়েছে, আমরা তিনবার বসেছি। তারা কথা দিয়েছিল নতুন কমিটি করবেন, তা করতে অস্বীকার করছেন। অথচ ৮০ শতাংশের বেশি চিকিৎসক আমাদের সাথে আছেন। ডা. কেনান নিটোরের পরিচালক হিসেবে ক্ষমতার স্বৈরাচারী প্রয়োগ করেছেন।”
এ বিষয়ে জানতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. আবুল কেনানের মোবাইলে কল দিলে তিনি ধরেননি। বার্তা পাঠালেও কোনো সাড়া দেননি।
