Published : 11 Jun 2026, 10:26 PM
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মত ওয়ানডে সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেছেন, এ জয় দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরো আগ্রহী করে তুলবে।
রাজধানীর মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ফলে এক ম্যাচ হাতে রেখেই অজিদের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করে টাইগাররা। প্রথম ম্যাচেও বৃষ্টি আইনে ৮৬ রানের জয় পেয়েছিল বাংলাদেশ।
প্রধানমন্ত্রী বলেন, দলগত ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বজায় রেখে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে আরো বড় সাফল্য অর্জন করবে। খেলোয়াড় ও কোচিং স্টাফসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।