১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যুগান্তর সম্পাদককে আইনি নোটিস দিলেন বিএনপির কায়সার কামাল

পাঁচ দিনের মধ্যে ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলছেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2025, 04:18 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

মিথ্যা, বানোয়াট ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগ তুলে দৈনিক যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদারকে আইনি নোটিস দিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

রোববার পাঠানো নোটিসে বলা হয়, গত শনিবার ১২ জুলাই যুগান্তরে ‘বিএনপির চাঁদার বলি সোহাগ’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। প্রিন্ট ও অনলাইন ভার্সনে বিএনপির বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা, বানানো, মানহানিকর ও ভিত্তিহীন এ সংবাদ প্রকাশ করা হয়।

কায়সার কামাল বলেন, “আগামী পাঁচ দিনের মধ্যে যুগান্তরকে এ সংবাদ প্রকাশের জন্য ওই পত্রিকায় সংবাদ প্রকাশ করে যথাযথ ব্যাখ্যা দিয়ে ক্ষমা চাইতে হবে এবং আগের প্রকাশিত সংবাদ প্রত্যাহার করতে হবে। অন্যথায় ফৌজদারি ও দেওয়ানি আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি বলেন, সংবাদটি প্রতিবেদকের নামে প্রকাশ হয়নি, প্রকাশ হয়েছে নিজস্ব প্রতিবেদক হিসেবে; তাই সম্পাদককে আইনি নোটিস দেওয়া হয়েছে।