কেন্দ্রীয় অফিস ও কমিটি দিয়ে দল নিবন্ধন চায় বিপ্লবী গণজোট
আন্তর্জাতিকভাবে একটা কমিটির বা অফিসের ভিত্তিতেও রাজনৈতিক দলের নিবন্ধন হয় বলে জানিয়েছেন মোনেম।
বিদ্যমান নির্বাচনী আইনে দল নিবন্ধন প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়েছে সাত সংগঠনের মোর্চা বিপ্লবী গণজোট।
সেক্ষেত্রে নিবন্ধন শর্ত সংশোধন করে কেবল দলের কেন্দ্রীয় কমিটি, অফিস ও গঠনতন্ত্র দিয়েই যেন নিবন্ধন করা যায়, সে বিষয়ে তারা আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশনে।
মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে ইসির সঙ্গে বিপ্লবী গণজোটের সাত সদস্যের প্রতিনিধি বৈঠক করেন। বেলা ১১টা থেকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে দেড়ঘণ্টা ধরে বৈঠক চলে।
নভেম্বরে গঠিত নতুন এ জোটের মধ্যে রয়েছে- বাংলাদেশ গণমুক্তি পার্টি, বাংলাদেশ গ্রিন পার্টি, বিপ্লবী গরীব পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, বাংলাদেশ পিস ফোরাম, বাংলাদেশের সাম্যবাদী দল ও প্রয়াত নেতা স্মৃতি সংসদ।
বিপ্লবী গণজোটের সমন্বয়ক ও গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক আবদুল মোনেম বলেন, “কমিশনের সঙ্গে কীভাবে আইনটি রিপ্লেস করা যায় সে বিষয়ে আলোচনা করেছি। শুধু কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় অফিস ও গঠনতন্ত্র দিয়ে যেন নিবন্ধন করা যায়, আমরা সেটা চেয়েছি”।
সাত সদস্যের প্রতিনিধি দলের আরও ছিলেন সর্বজনীন পার্টির সভাপতি নূর মোহাম্মদ মনির, গরিব পার্টির সভাপতি দিদার হোসেন, পিস ফোরামের আহ্বায়ক জসীম উদ্দিন রাজা, স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক অলক চৌধুরী, বাংলাদেশের সাম্যবাদী দলের পলিটব্যুরোর সদস্য আহমদ হোসেন ভূইয়া ও গ্রিন পার্টির মো. মোজাম্মেল হক।
বৈঠক শেষে বিপ্লবী গণজোটের সমন্বয়ক মোনেম সাংবাদিকদের বলেন, “এক এগারোর সরকার নিবন্ধন আইন নামে জঘন্য আইন চালু করেছিল। এ নিয়ে আমরা আন্দোলন করে আসছি। শেখ হাসিনা সরকার এসে সেই নিবন্ধন প্রক্রিয়া আরো কঠিন করেছিল। এতে রাজনীতিকে এমন একটা কঠিন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল যে একটা দল চালাতে মাসে কমপক্ষে ৩০ লাখ টাকা লাগবে। আমরা সেটার প্রতিবাদ করছিলাম। আজকে সে নিয়ে কথা বললাম।”
আন্তর্জাতিকভাবে একটা কমিটির বা অফিসের ভিত্তিতেও রাজনৈতিক দলের নিবন্ধন হয় বলে জানিয়েছেন মোনেম।
নির্বাচনী আইন ও নির্বাচন ব্যবস্থা সংস্কারে নানা দাবি কমিশনের কাছে তুলে ধরা হয়েছে জানিয়ে মোনেম বলেন, “আমাদের প্রস্তাবগুলোর মধ্যে কোনো কোনো বিষয় পাইলটিং হিসেবে নেবে বলে জানিয়েছে কমিশন।”
