২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কালোটাকা সাদা করার সুযোগ শেষ হওয়া উচিত: বিজিএমইএ

বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ শেষ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিকারকদের সমিতি বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2009, 04:11 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

ঢাকা জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ শেষ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিকারকদের সমিতি বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। রোববার বিকালে পান্থপথের বিজিএমইএ কার্যালয়ে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মুর্শেদী বলেন, "আমরা দেখেছি, অতীতের তিনটি সরকারই বাজেটে কালোটাকা সাদা করার জন্যে মেয়াদ বৃদ্ধি করে সুযোগ দিয়েছে। এই সংস্কৃতি শেষ হওয়া উচিত।" কালোটাকার বিষয়টিকে সমাজের নৈতিক অবক্ষয় ও প্রকৃত করদাতার জন্যে বৈষম্যের প্রতিফলন হিসেবে তুলে ধরে তিনি বলেন, "কতদিন এটা চলবে? এভাবে সুযোগ দিয়ে যাওয়ার জন্যে কালোটাকা শেষ হচ্ছে না। আমরা চাইবো, এই তিনবছরের মধ্যেই যেন কালো টাকার ব্যাপারটি শেষ হয়ে যায়।" তবে এই সুযোগ প্রত্যাহারের জন্য বিজিএমইএ-র পক্ষ থেকে কোনো দাবি জানানো হবে না বলে জানান তিনি। বিজিএমইএ সভাপতি বলেন, "... বরং করের কারণে যেন কালোটাকা সৃষ্টি না হয়, সেজন্যে সারাদেশে সবার জন্য স্বচ্ছ একটি করের ব্যবস্থা চালু করতে হবে।" সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে শফিকুল ইসলাম মহিউদ্দিন, ফারুক এম হাসান, সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজিএমইএ সভাপতি প্রস্তাবিত বাজেটে রপ্তানিখাতকে উপেক্ষা করা হয়েছে মন্তব্য করে বলেন, "মহামন্দা মোকাবেলা সরকার ৩৪২৪ কোটি টাকা বরাদ্দ দিলেও তৈরি পোশাকখাতের জন্যে সুর্নির্দিষ্টভাবে কোনো বরাদ্দ দেওয়া হয়নি। বাজেটেও এজন্যে কোনো বরাদ্দ দেওয়া হয়নি।" সালাম মুর্শেদী বলেন, মন্দার কারণে ইতোমধ্যে ৬৩টি প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। আরো ২০০ বন্ধ হওয়ার পথে। তিনি মন্দা প্রণোদনা বরাদ্দের বিষয়টি স্পষ্ট করার দাবি করেন। তৈরি পোশাক খাতকে বাজেটে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার জন্যেও সরকারের প্রতি অনুরোধ জানান তিনি। পোশাক শিল্পকে রক্ষায় নগদ সহায়তা প্রদান, চলতি ঋণকে দীর্ঘমেয়াদী ঋণে রূপান্তর ও ডাউন পেমেন্ট এবং সিআইবি রিপোর্ট আপডেট ছাড়াই ব্যাংক ঋণ পরিশোধের সুযোগ ৩০জুন ২০১০ পর্যন্ত বর্ধিত করার দাবিও জানান জন্যে বিজিএমইএ সভাপতি। এছাড়া তৈরি পোশাক খাতে সুদের হারে ৫ভাগ ভর্তুকি, ডিজেলে প্রতিটি লিটারে ১০টাকা ভর্তুকি, রপ্তানি মূল্যায়ন বোনাস চালু, ২০১৫ পর্যন্ত কর অবকাশ সুবিধা চালু, ইটিপি ও জেনারেটর স্থাপনে দীর্ঘমেয়াদে ৫ শতাংশ হারে ঋণ ও শিল্প এলাকাতে কেন্দ্রীয় ইটিপি স্থাপন, পোশাক শিল্প শ্রমিকদের জন্যে ডরমিটরি নির্মাণে বিনা সুদে ঋণ প্রদানের বিষয়গুলো প্রস্তাবিত বাজেটে পুনর্বিবেচনার জন্য বিজিএমইএ সভাপতি সুপারিশ করেন। এছাড়া লন্ডনে জি-২০ বৈঠকে উন্নয়নশীল দেশগুলোর জন্যে মন্দা মোকাবেলায় বরাদ্দ থেকে ন্যায্য হিস্যা আদায়ে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/এসকে/২২১৪ঘ.