২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি অর্থ ব্যয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী সোমবার বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে বার্ষিক অডিট ও হিসাব প্রতিবেদন পেশ করেন।

সরকারি অর্থ ব্যয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

ছবি: পিআইডি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2022, 08:34 PM

Updated : 19 Sep 2022, 08:34 PM

সরকারি অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 

সোমবার সন্ধ্যায় কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে ২০১৯-২০ ও পূর্ববর্তী অর্থবছরের বার্ষিক অডিট ও হিসাব রিপোর্ট পেশ করতে গেলে আবদুল হামিদ এ আহ্বান জানান। 

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। প্রতিবেদনে ১৮টি মন্ত্রণালয়/ বিভাগ সংশ্লিষ্ট ৫১টি কমপ্লায়েন্স অডিট রিপোর্ট পেশ করা হয়। 

রাষ্ট্রপতি বলেন, “প্রতিটি অফিসে সরকারি অর্থ যাতে আইন ও নিয়ম মেনে সঠিকভাবে ব্যয় হয় তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।” 

অডিট আপত্তি সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও তাগিদ দেন রাষ্ট্রপতি। 

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।