১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিশু-কিশোররা আকাশচুম্বী আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে যাবে: জুবাইদা রহমান

তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত স্কুলের বিভিন্ন থেরাপি কার্যক্রমের খোঁজ নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Sep 2026, 09:52 PM

Updated : 17 Sep 2026, 03:00 AM

শিশুদের প্রতিভা বিকাশে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জুবাইদা রহমান।

তিনি বলেছেন, “যেকোনো আকাঙ্ক্ষার জন্য মুক্ত আকাশই শেষ সীমানা। শিশু-কিশোররা আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা নিয়ে এগিয়ে যাবে। কারণ আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক; শিশুরাই জাতির ভবিষ্যৎ।’’

মঙ্গলবার দুপুরে ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুল ‘ব্লু স্কাইয়ের’ এক অনুষ্ঠানে এসব কথা বলেন।   

তিনি এর আগে পুরো স্কুল পরিদর্শন করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

শিশুদের উৎকর্ষ সাধনে বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘‘এই শিশুদের উৎকর্ষ সাধনের জন্যই স্থাপিত হয়েছিল শিশু একাডেমি। পরবর্তীতে কন্যা শিশুদের উচ্চতর স্তরে লেখাপড়া অবৈতনিক করা হয়। নতুন কুঁড়ির মতো সাংস্কৃতিক ও খেলাধুলা বিষয়ক প্রতিযোগিতার মাধ্যমে তারা নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেওয়ার সুযোগ পাচ্ছে।’’

জুবাইদা রহমান বলেন, ‘প্রতিটি শিশুর জীবন অগণিত আকাশচুম্বী ভাবনায় ভরপুর। শুধু চাই সুষ্ঠু শিক্ষাব্যবস্থা, তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের বন্দোবস্ত ও সবুজ খোলামাঠে প্রকৃতির মাঝে খেলাধুলা ও বিচরণের সুযোগ।”

শিশুদের সাংস্কৃতিক পরিবেশনার প্রশংসা করে জুবাইদা রহমান বলেন, “সুনির্দিষ্ট প্রশিক্ষণ ও দিকনির্দেশনা পেলে শিশুরা তাদের অসীম প্রতিভার স্বাক্ষর রাখতে পারে। দলগতভাবে যেকোনো সাফল্য অর্জন এবং খেলাধুলার মানসিকতা তাদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে শক্তি ও মনোবল জোগাবে।”

জুবাইদা রহমান স্কুলের বিভিন্ন শ্রেণি-কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিভিন্ন থেরাপি কার্যক্রম সম্পর্কে অবহিত হন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি এবং আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের সভানেত্রী সালেহা খান।