২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত

জোটের বাকি দলগুলোর সঙ্গে রোববার আলোচনা করে নাম চূড়ান্ত করা হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত
রাজধানীর মগবাজারে শনিবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাহী পরিষদের বৈঠক হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2026, 10:29 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দল জামায়াতে ইসলামী। একক প্রার্থী দেওয়ার বিষয়টি রোববার জামায়াত নেতৃত্বাধীন জোটের শরিক দলগুলোর সমন্বয়ে গঠিত ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠকে চূড়ান্ত করা হবে।

শনিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। 

দুদিন আগে মিয়া গোলাম পরওয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, তারা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবেন না। 

তবে কোন পরিস্থিতিতে নতুন করে এই সিদ্ধান্ত হয়েছে জানতে মিয়া গোলাম পরওয়ারকে ফোন করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতভাবে জামায়াতে ইসলামীর নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়। এই লক্ষ্যে রোববার ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে। এই বৈঠকেই বিরোধীদলের প্রার্থীর নাম ঘোষণা করা হবে।”

রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার ইস্যু এবং ১১ দলীয় ঐক্য ঘোষিত চলমান রাজনৈতিক কর্মসূচিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে তথ্য দেওয়া হয়। 

এদিকে ১১ দলীয় ঐক্যের দুটি দলের শীর্ষ নেতা শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাষ্ট্রপতি হিসেবে জোটের শরিক এলিডিপির প্রেসিডেন্ট অলি আহমদ, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নাম বিবেচনায় রয়েছে।