২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটে বেআইনি কোনো নির্দেশনা দেবে না ইসি: নাসির

“আমরা ফেসিং সো ম্যানি চ্যালেঞ্জ, বোথ সিন অ্যান্ড আনসিন,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2025, 04:22 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

রাজনৈতিক পটপরিবর্তনের পর যে ত্রয়োদশ সংসদ নির্বাচন হতে যাচ্ছে, তা নিয়ে নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেছেন, “বাংলাদেশে কাজ করা খুবই ডিফিকাল্ট। পার্টিকুলারলি, যেই অবস্থার মধ্য দিয়ে দেশটা যাচ্ছে, তাতে কাজ আদায় করে নেওয়া, কিছু কিছু পক্ষের লোকের জন্য খুব সুবিধা। আর বেশিরভাগ পক্ষের লোকের জন্য ডিফিকাল্ট। এই পরিস্থিতিটা আমাদের এখন, এই অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি।

“এই নির্বাচনটা একটা বিশেষ পরিস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে। সুতরাং আমাদেরকে বিশেষভাবেই এটা মোকাবেলা করতে হবে, বিশেষভাবেই এটা ফেইস করতে হবে।”

শনিবার নির্বাচন ভবনে নির্বাচন কর্মকর্তা সম্মেলনে তিনি এ কথা বলেন।

সারা দেশ থেকে আসা নির্বাচন পরিচালনার কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, “আপনারা জানেন না, আমরা যে কাজ করছি, ইলেকশনের জন্য প্রিপারেশন নিচ্ছি এবং আপনাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কাজ করছি। এতে আমরা ফেসিং সো ম্যানি চ্যালেঞ্জ, বোথ সিন অ্যান্ড আনসিন।

“অনেকগুলো আপনারা জানেন না, বাইর থেকে বোঝার কোনো উপায় নেই। এগুলো আমরা সামাল দিচ্ছি, সামাল দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি।”

নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ করার জন্য সারা দেশ থেকে আসা কর্মকর্তাদের শপথ করান প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন।

তিনি বলেন, “আমরা শপথ নিয়েছি, পাঁচজন শপথ নিয়েছি, অনুরাগ বিরাগের বশবর্তী না হইয়া কাজ করব। আইন অনুযায়ী আইন মেনে চলবো। এই সমস্ত শপথ নিয়েছি। আপনারা কিন্তু ওয়াদা করেছিলেন যে নিরপেক্ষভাবে কাজ করবেন এবং প্রফেশনালি কাজ করবেন, আইন মেনে কাজ করবেন।

“আমরা বলেছি, কোনো রকমের কোনো অন্যায় ইন্সট্রাকশন এখান থেকে দেব না। ইন্সট্রাকশন আমরা দেব, কিন্তু বেআইনি কোনো ইন্সট্রাকশন আমরা দেব না। আমরা কাউকে ফেভার করার জন্য ইন্সট্রাকশন দেব না। আমরা কারো পক্ষে কাজ করার জন্য ইন্সট্রাকশন দেব না। আমাদের ইন্সট্রাকশন হবে সম্পূর্ণ আইনানুগ, বিধি মোতাবেক, আইন মোতাবেক সঠিক কাজটি সঠিকভাবে করার নির্দেশনা আমরা দেব।

সিইসি বলেন, “এটা শুধু আপনাদের জন্য নয়, এটা যারা ইলেকশনের সাথে জড়িত থাকবেন- সবার জন্য কিন্তু এটা প্রযোজ্য। আপনারা হাত তুলে ওয়াদা করেছেন, এই ওয়াদা ঠিক আছে তো? আমাকে আবার হাত তুলে দেখান যে আপনারা কঠিনভাবে কাজ করবেন।”

এ সময় সবাই হাত তুলে দেখান।

সরকারি চাকরিজীবীদের ভোট দেওয়ার ব্যবস্থা রাখা হবে জানিয়ে সিইসি বলেন, “রহমান সাহেবের মিসেস উনি বলছিলেন, সিভিল সার্ভেন্ট পলিটিকাল পারসন মাস্ট পলিটিক্যাল। আপনি ভোট দেবেন কোনো একটা মার্কায়, তবে আপনি কোনো দল করতে পারবেন না।

“আমি চাই যে, কোনো দলের পক্ষে হইয়া কেউ কাজ করবেন, এটা আমরা প্রত্যাশা করি না। আপনারা তো ওয়াদা করলেনই যেকোনো ব্যক্তির জন্য কোনো পক্ষপাত দুষ্টুভাবে আপনারা কোনো কাজ করবেন না।

নাসির উদ্দিন বলেন, “আগে তো যারা ইলেকশন সিস্টেমে ইনভলভ থাকতো, তারা ভোট দিতে পারতেন না। তাদেরকে আমরা এখন ভোটের আওতায় আনার কথা বলছি। জেলখানার তাদেরকে, সরকারি কর্মচারীদেরকে আমরা ভোট দেওয়ার সুযোগ দেওয়ার কথা বলছি। 

“এগুলো হচ্ছে সব নতুন নতুন ইনিশিয়েটিভ। এই এগুলাকে অন্তত প্রোপারলি যাতে আমরা ডাইজেস্ট করতে পারি, প্রোপারলি যাতে ইমপ্লিমেন্ট করতে পারি, সে লক্ষ্যে আমাদেরকে সব ধরনের চেষ্টা নিয়োজিত করতে হবে ।”

বর্তমান নির্বাচন কমিশন (ইসি) শক্ত মেরুদণ্ড নিয়ে কাজ করছে বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, “নিবিড়ভাবে খেয়াল করেন, দশ মাস ১০ দিনের এই কমিশন শক্ত সমর্থ মেরুদণ্ড নিয়েই কাজ করছে। কাজেই এই কমিশনের মেরুদণ্ড যদি শক্ত না হয়, কোনো কমিশনের মেরুদণ্ড কেমন হবে আমি জানি না। কমিশন কারো প্রতি অনুরাগ, বিরাগের বশবর্তী হয়ে করে নাই। করবে না।”

মালয়েশিয়াসহ দেশের বিভিন্ন স্থানে ভোটারদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভার অভিজ্ঞতা তুলে ধরে এই নির্বাচন কমিশনার বলেন, “অনেকেই বলছেন ৭০ শতাংশের মতো ভোট পড়তে পারে।”

নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বলেন, “জেন্ডার বান্ধব নির্বাচন করব। নারীদের আমরা গুরুত্ব দেব৷ কেননা ওই একদিনই কেবল নারীরা গুরুত্ব পায়। সমান অধিকার পায়।”

নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাছউদ বলেন, “সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন করা ইসির ওপর আমানত। ইহকাল-পরকালে জবাবদিহিতা আছে। ভালো নির্বাচন করা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নাই। কারণ আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে।”

বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে নির্বাচন কমিশনের সচিব আখতার হোসেনসহ বিভিন্ন আঞ্চলিক কর্মকর্তারা বক্তব্য রাখেন।