২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, আরও ঘনীভূত হওয়ার আভাস

“তিন-চার দিন পর তাপমাত্রা কিছুটা কমে আসবে। তবে, মাসের বাকি দিনগুলোতেও আবহাওয়া মোটামুটি এমনই থাকবে,” বলেন আবহাওয়াবিদ ফারুক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2025, 05:15 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ ইতোমধ্যেই সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এটি আরও ঘনীভূত হতে পারে এবং এর প্রভাবে বিচ্ছিন্নভাবে অল্প বৃষ্টিপাতের আভাস দিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।

মঙ্গলবার বিকেলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার সকালেই একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর মধ্যেই এটি সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে অল্প বৃষ্টিপাত হতে পারে।”

গেল কয়েকদিন ধরেই রাজধানীসহ সারা দেশে রোদের তীব্রতা বেশি। সেটি আর কয়দিন থাকতে পারে, জানতে চাইলে তিনি বলেন, “তিন-চার দিন পর তাপমাত্রা কিছুটা কমে আসবে। তবে, মাসের বাকি দিনগুলোতেও আবহাওয়া মোটামুটি এমনই থাকবে।”

আবহাওয়া অধিদপ্তরের মঙ্গলবার সকালের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি ঘনীভূত হতে পারে।

এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এই সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে; জেলায় তাপমাত্রার পারদ উঠেছে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।

এই সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে; ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।