হোম ডেলিভারি দিতে এসে আদাবরে ‘ছিনতাইয়ের’ শিকার ডেলিভারি ম্যান
ছিনতাইকারীরা ৭০ হাজার টাকা ও পণ্য ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ তার।
রাজধানীর আদাবরে হোম ডেলিভারিতে টি শার্ট নিয়ে আসা কুরিয়ার সার্ভিসের একজন ডেলিভারি ম্যানের কাছ থেকে ৭০ হাজার টাকা ও পণ্য ‘ছিনতাইয়ের’ ঘটনা ঘটেছে।
শনিবার বিকালে আদাবরের শ্যামলী হাউজিং ২য় প্রকল্প এলাকায় ‘ছিনতাইয়ের’ শিকার ‘পাঠাও’ এর ডেলিভারি ম্যান রমজানুল ইসলামকে চা পাতি দিয়ে মারধরও করা হয়।
এর আগে গত বুধবার সন্ধ্যায় এ এলাকার কাছাকাছি মোহাম্মদপুরে আরেকটি ছিনতাইয়ের ঘটনার অভিযোগ পেয়ে মাঠে নেমেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান বলেন, এরই মধ্যে ছিনতাইকারীদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠের কাজ করছে।
রমজানুলের অভিযোগ, তিনি একটি প্রতিষ্ঠানে অর্ডার করা টি শার্টের প্যাকেট ডেলিভারি দিতে শ্যামলী হাউজিং ২য় প্রকল্প এলাকায় এসে ক্রেতাকে ফোন দেন। তার অবস্থান জানার কিছুক্ষণ পরই ৮-১০ জন ব্যক্তি এসে তাকে ঘিরে ধরেন। এরপর চাপতি-সামুরাইয়ের মত দেখতে ধারালো অস্ত্র দিয়ে তাকে ভয় দেখান ও মারধর করেন। এসময় তার কাছে থাকা ৭০ হাজার টাকা ও মোবাইল ফোনসহ অর্ডারের সব জিনিস কেড়ে নিয়ে যায়।
ছিনতাইকারীদের মারধরে তিনি আহত হওয়ার কথাও বলেন। তার দাবি,
এসময় তিনি চিৎকার করলেও আশপাশের কেউ এগিয়ে আসেননি। পরে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে।
এখন এত টাকা কীভাবে প্রতিষ্ঠানকে বুঝিয়ে দেবেন তা নিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
এর আগে বুধবার সন্ধ্যায় চন্দ্রিমা উদ্যানের ক্ষুদ্র ব্যবসায়ী মো. রিপন মোহাম্মদপুরের বেড়িবাঁধ সংলগ্ন একতা হাউজিংয়ের নদীর পাড়ে হাঁটার সময় ছিনতাইয়ের শিকার হন।
তার অভিযোগ, কয়েকজন ছিনতাইকারী তাকে কুপিয়ে মোবাইল ফোন এবং আড়াই হাজার টাকা নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসা শেষে তিনি শনিবার থানায় অভিযোগ করেন।
